প্রতিবাদে উত্তাল পশ্চিমবঙ্গ মুর্শিদাবাদে গ্রেপ্তার ১১৮

ওয়াকফ আইনের বিতর্কিত সংশোধনী বাতিলের দাবিতে প্রতিবাদ–বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে ভারত। এরই মধ্যে দেশটির বিভিন্ন স্থানে এই বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। যার মধ্যে পরিস্থিতি সবচেয়ে গুরুতর হয়ে উঠেছিল পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে। শুক্রবার সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের ঘটনায় ১১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ওয়াক্ফ সংশোধিত আইন বাতিলের দাবিতে মুর্শিদাবাদের জঙ্গিপুর এলাকায় পুলিশকে লক্ষ্য করে পাথরবৃষ্টি চলে। পরে বিক্ষুব্ধ জনতা পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার পাশাপাশি অন্যান্য যানবাহনও ভাঙচুর করেন। জেলাটির শাজুরমোড় ও ধুলিয়ান সংলগ্ন এলাকায় এসব ঘটনা ঘটেছে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, জাতীয় সড়ক-১২ অবরোধ করে শত শত মানুষ বিক্ষোভে শামিল হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে ও টিয়ার গ্যাস ছোড়ে। ধুলিয়ানে স্থানীয় তৃণমূল সাংসদের কার্যালয়েও ভাঙচুর করা হয়। ঘটনার পর মুর্শিদাবাদের বিভিন্ন অংশে ১৪৪ ধারা জারি করে প্রশাসন। বন্ধ করে দেওয়া হয় ইন্টারনেট সেবা। শনিবার মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। রাজ্যের বেশ কয়েকটি জায়গায় অশান্তির অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মামলার শুনানি শেষে বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি রাজা বসু চৌধুরীর বিশেষ ডিভিশন বেঞ্চ ওই মামলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেন।

এদিকে, ভারতের ওয়াকফ আইন পশ্চিমবঙ্গে বলবৎ করা হবে না বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। সামাজিকমাধ্যমে দেওয়া পোস্টে তিনি বলেন, বাংলায় কোথাও এই আইন বলবৎও হবে না। যারা এই হিংসায় উস্কানি দিচ্ছেন, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, এই আইনটি আমরা করিনি, কেন্দ্রীয় সরকার করেছে। । তাই উত্তর যা চাওয়ার কেন্দ্রীয় সরকারের কাছে চাইতে হবে।