দারফুরে আধাসামরিক বাহিনীর বর্বরতা

সুদানের দারফুর অঞ্চলে বাস্তুচ্যুতদের ক্যাম্পে দুটি হামলায় অন্তত ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, নিহতদের মধ্যে ২০ শিশু ও ৯ জন ত্রাণকর্মী রয়েছেন। সুদানে নিযুক্ত জাতিসংঘের আবাসিক ও মানবিক সমন্বয়কারী ক্লেমেন্টিন এনকুয়েটা-সালামি শনিবার এক বিবৃতিতে জানান, আধাসামরিক বাহিনী র‌্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) এবং তাদের মিত্র মিলিশিয়ারা উত্তর দারফুরের প্রাদেশিক রাজধানী এল-ফাশার এবং এর আশপাশে জামজাম ও আবু শোরুক ক্যাম্পে এই বর্বরোচিত হামলা চালায়। শুক্র ও শনিবার দুই দফায় এই হামলা চালানো হয়। হামলায় জামজাম ক্যাম্পে অবস্থিত একটি স্বাস্থ্যকেন্দ্রের ৯ জন ত্রাণকর্মী নিহত হন। জাতিসংঘ জানিয়েছে, ‘জামজাম ও আবু শোরুক ক্যাম্পে ৭ লক্ষাধিক বাস্তুচ্যুত মানুষ আশ্রয় নিয়েছেন, যারা এর আগে দারফুরে সংঘর্ষের কারণে ঘরছাড়া হন। এই হামলাকে ভয়াবহ এবং অগ্রহণযোগ্য নতুন মাত্রার সহিংসতা হিসেবে অভিহিত করেছেন দেশটির জাতিসংঘ সমন্বয়ক ক্লেমেন্টিন। তিনি বলেন, এটি প্রায় দুই বছর ধরে চলমান সংঘর্ষে বাস্তুচ্যুত মানুষ ও ত্রাণকর্মীদের ওপর ধারাবাহিক হামলার অংশ। যারা এই বর্বর হামলা চালাচ্ছে, আমি তাদের এই নৃশংসতা বন্ধের আহ্বান জানাই।’