সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল

শিক্ষার্থীদের প্রায়ই অভিযোগ থাকে, এত বেশি লেখার পরও কম নম্বর পাওয়া নিয়ে। কিন্তু সৃজনশীল পদ্ধতিতে বেশি লেখার থেকেও গুরুত্বপূর্ণ প্রাসঙ্গিক এবং যথোপযুক্ত উত্তর করা। সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কৌশল জানিয়েছেন শাহরিয়ার আলম

উদ্দীপক ও বিভিন্ন স্তরের প্রশ্ন

পরীক্ষার উদ্দেশ্য হলো পঠিত বিষয় শিক্ষার্থী কতটুকু আয়ত্ত করতে পারল এবং তা পরবর্তী সময় কতটুকু দক্ষতার সঙ্গে প্রয়োগ করতে পারল তা যাচাই করা। এই উদ্দেশ্যে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি প্রণয়ন করা হয়েছে। মূলত তথ্যভিত্তিক বক্তব্য উপস্থাপন, উদ্দীপক ও পাঠবইয়ের মধ্যে সমন্বয় এবং শিক্ষার্থীরা যেন নিজের যোগ্যতার প্রমাণ দিতে পারে তা নিশ্চিত করাই সৃজনশীল প্রশ্ন পদ্ধতির মূল উদ্দেশ্য। সৃজনশীল প্রশ্নে একটি উদ্দীপক দেওয়া থাকে। উদ্দীপকটি হতে পারে কোনো অনুচ্ছেদ, চিত্র, গ্রাফ, টেবিল প্রভৃতি। প্রদত্ত উদ্দীপকের আলোকে চার স্তরের প্রশ্ন দেওয়া হয়। স্তরগুলো হলো জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক ও উচ্চতর দক্ষতামূলক। পরীক্ষার সময় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো, প্রশ্নগুলোর যথাযথ উত্তর সঠিক সময়ে দিতে পারা। তাই উত্তর লেখা শুরু করার আগেই সময় ভাগ করে নিতে হবে। তবে মনে রাখতে হবে সৃজনশীল প্রশ্ন পদ্ধতিতে বেশি লিখলেই বেশি নম্বর পাওয়া যায় না। অল্প কথায় প্রাসঙ্গিক উত্তর লিখলে বেশি নম্বর যেমন পাওয়া যাবে তেমনি যথাসময়ে উত্তর দেওয়াও সম্ভব হবে।

জ্ঞানমূলক প্রশ্ন

জ্ঞানমূলক প্রশ্ন সাধারণত বই থেকেই আসে। এর সঙ্গে উদ্দীপকের মিল থাকে না বললেই চলে। তাই উত্তর হতে হবে বইয়ে যেমন আছে, তেমনই। উত্তর এক লাইনে শেষ করাই ভালো।

অনুধাবনমূলক প্রশ্ন

অনুধাবনমূলক প্রশ্ন কখনো বই থেকে, কখনো উদ্দীপক থেকে আসে। এ প্রশ্নের উত্তর দুই অনুচ্ছেদে লেখা ভালো। প্রথম অনুচ্ছেদে প্রশ্নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিছু জ্ঞানমূলক উত্তর দিতে হবে। দ্বিতীয় প্যারায় উদ্দীপকের আলোকে মূল উত্তর গুছিয়ে লিখতে হবে।

প্রয়োগমূলক প্রশ্ন

সৃজনশীল পদ্ধতির অন্যতম মূল প্রশ্ন এটি। উদ্দীপক ও পাঠ্যবইয়ের মধ্যে এর মাধ্যমে যোগসূত্র তৈরি হয়। এটি তিন অনুচ্ছেদে লেখা ভালো। প্রথম অনুচ্ছেদে উদ্দীপকের সঙ্গে পাঠ্যবইয়ের সম্পর্ক বর্ণনা, দ্বিতীয় অনুচ্ছেদে মূল উত্তরটি গুছিয়ে লেখার পরে তৃতীয় প্যারায় সংক্ষিপ্ত একটি উপসংহার টানার কাজ সারতে হবে।

উচ্চতর দক্ষতামূলক প্রশ্ন

এটি প্রয়োগমূলক প্রশ্নের প্রায় কাছাকাছি। তবে এখানে সাধারণত বিভিন্ন বিষয়ের বিশ্লেষণ ও যৌক্তিকতা তুলে ধরতে বলা হয়। এটি চার অনুচ্ছেদে বিভক্ত করে লেখা ভালো। প্রথম তিন অনুচ্ছেদে প্রয়োগমূলক প্রশ্নের উত্তরের মতোই উত্তর করতে হবে। চতুর্থ প্যারায় যুক্তিতর্ক, বিশ্লেষণ ও নিজের মতামত দিয়ে দক্ষতার পরিচয় দিতে হবে।