চট্টগ্রামের ডিসি হিলে নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে হামলার ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অনুষ্ঠানের মঞ্চ ভাঙচুর করার পাশাপাশি ব্যানারও ছিঁড়ে ফেলেছে। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
গতকাল রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ডিসি হিলের নজরুল স্কয়ারে হামলার এ ঘটনা ঘটে। হামলার অভিযোগে ছয়জনকে আটকের কথা জানিয়েছে পুলিশ। নগর পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মো. আলমগীর হোসেন বলেন, ‘নববর্ষের অনুষ্ঠানের প্রস্তুতিকালে মঞ্চে হামলার ঘটনায় ৬ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে তাদের দাবি, নববর্ষের অনুষ্ঠানটি ফ্যাসিস্টের দোসররা আয়োজন করছে।’
ঘটনার বিষয়ে ‘সম্মিলিত পহেলা বৈশাখ উদ্যাপন পরিষদ’র সদস্য সচিব মোহাম্মদ আলী টিটু বলেন, ‘সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৩০ থেকে ৪০ জনের মতো ছেলে-মেয়ে এসে ‘স্বৈরাচারের দোসররা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দিয়ে মঞ্চের কাপড় ছিঁড়ে ফেলে। এক প্রশ্নের উত্তরে মোহাম্মদ আলী টিটু বলেন, ‘শুনেছি, আমরা যখন ডিসি অফিসে মিটিং করেছিলাম ওই দিন ওখানে যারা উপস্থিত ছিল তাদের কয়েকজন হামলার সময়ও ছিল। স্টেজের ডিজাইন তারা ছিঁড়ে ফেলে দিয়েছে। অনুষ্ঠান আমরা বাতিল করছি।’