'এসো হে বৈশাখ' —এ গান আর ঢাক-ঢোলের বাদ্যে মুখরিত হয়ে উঠেছিল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা। বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে রবিবার সকালে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান। র্যালিটির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল আমিন সরকার।
রঙিন পোশাকে সজ্জিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সাংস্কৃতিক সংগঠন, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও স্থানীয় মানুষজন র্যালিতে অংশ নেন। উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি পৌর সদরের প্রধান সড়ক ঘুরে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় সভায় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার নজরুল ইসলাম, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জাকারিয়া, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা উত্তম কুমার পাল, ওসি তদন্ত জাহাঙ্গীর আলম, প্রাণী সম্পদ কর্মকর্তা ইমরুল হাসান রাসেল, শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামান, শওকত গনি বিআরডিবি কর্মকর্তা, সহকারী নির্বাচন কর্মকর্তা, আব্দুল ওয়াদুদ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
সভাপতির বক্তব্যে ইউএনও আল আমিন সরকার বলেন, নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন করে আবিষ্কার করি। সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে গেলে একটি সমৃদ্ধ নাঙ্গলকোট গড়ে তোলা সম্ভব। পরে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও নাট্যাংশ পরিবেশিত হয়। অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস ও বাঙালিয়ানার ঔজ্জ্বল্য।