বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে ফ্রান্সের রাজধানী প্যারিসে প্রবাসী বাংলাদেশিদের নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে নববর্ষ। দিনব্যাপী এ উৎসবে বৈশাখী আমেজে মাতেন প্রবাসী বাঙালিরা।
প্যারিসের মেরি দো ক্লিসি ও জনভিলিয়ে এলাকার বিভিন্ন স্থানে আয়োজন করা হয় বৈশাখী মেলা, পান্তা-ইলিশ পরিবেশনা এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান। শিশু-কিশোরদের অংশগ্রহণে পরিবেশিত নৃত্য, সংগীত ও কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ।
উৎসবমুখর পরিবেশে শতাধিক প্রবাসী পরিবার অংশ নেয় আয়োজনে। স্বরলিপি শিল্পী গোষ্ঠী ফ্রান্স, প্যারিস ঢাকা ক্লাবসহ একাধিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন আয়োজনের দায়িত্বে ছিল।
আয়োজকদের একজন বলেন, ‘বিদেশের মাটিতে বাংলা সংস্কৃতি ধরে রাখাই আমাদের মূল উদ্দেশ্য। বৈশাখী মেলার মাধ্যমে আমরা প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে শিকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই।
এক প্রবাসী অংশগ্রহণকারী জানান, ‘এমন আয়োজন দেখে মনে হচ্ছে, যেন দেশের মাটিতেই নববর্ষ উদযাপন করছি। সবাই মিলে এক অনন্য বাঙালিয়ানার বন্ধনে আবদ্ধ হয়েছি।’
এছাড়া, নববর্ষ উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশি মালিকানাধীন বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানেও ছিল উৎসবমুখর আয়োজন। ‘বিডি ফার্নিচার’-এর ইনচার্জ ফাতেমা জানান, “নববর্ষ উপলক্ষে সব পণ্যে বিশেষ ছাড় রাখা হয়েছে, যেন প্রবাসেও উৎসবের আনন্দ সবাই ভাগ করে নিতে পারে।”
আয়োজকরা আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও বড় পরিসরে এ আয়োজন হবে এবং প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালি সংস্কৃতি আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে।