আজ থেকে সমুদ্রে মাছ ধরা বন্ধ

আপডেট : ১৫ এপ্রিল ২০২৫, ০৯:২১ এএম

বঙ্গোপসাগরে আজ থেকে শুরু হচ্ছে মাছ ধরার ওপর ৫৮ দিনের নিষেধাজ্ঞা। সামুদ্রিক মাছের প্রজনন, উৎপাদন ও সংরক্ষণে এ নিষেধাজ্ঞা কার্যকর থাকবে আগামী ১১ জুন পর্যন্ত। এ সময় কোনো প্রজাতির সামুদ্রিক মাছ আহরণ করা যাবে না।  

নিষেধাজ্ঞা চলাকালে ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তায় সরকার মাথাপিছু ৭৮ কেজি করে চাল বরাদ্দ দিয়েছে।  

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব জানান, ভোলা জেলায় সমুদ্রগামী নিবন্ধিত জেলের সংখ্যা ৬৫ হাজার। নিষেধাজ্ঞা চলাকালে এই জেলেরা সমুদ্রে মাছ ধরার কাজ থেকে বিরত থাকবেন এবং বরাদ্দকৃত চাল পাবেন।  

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় টেকসই মৎস্য আহরণ নিশ্চিত করতে প্রতি বছর এই নিষেধাজ্ঞা জারি করা হয়। এর ফলে মাছের সুষ্ঠু প্রজনন এবং সামুদ্রিক জীববৈচিত্র্য রক্ষা পাবে।’

  

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়, ‘সামুদ্রিক মৎস্য বিধিমালা, ২০২৩’ অনুযায়ী প্রতি বছর ১৫ এপ্রিল থেকে ১১ জুন পর্যন্ত বাংলাদেশ জলসীমায় সব ধরনের মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়।  

এ সময় সমুদ্র এলাকায় কোস্টগার্ড, নৌবাহিনী ও মৎস্য বিভাগের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স নিয়মিত টহল দেবে। নির্দেশনা লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত