সুদানে বিদ্রোহীদের হামলায় চারশর বেশি নিহত

সুদানের দারফুর অঞ্চলে আধাসামরিক র‌্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সাম্প্রতিক হামলায় চার শতাধিক মানুষ নিহত হয়েছে বলে ‘বিশ্বাসযোগ্য সূত্রের’ বরাত দিয়ে জানিয়েছে জাতিসংঘ। সুদানি সেনাবাহিনীর কাছ থেকে দারফুরের শেষ বড় শহর আল-ফাশেরের নিয়ন্ত্রণ নিতে গত সপ্তাহে আরএসএফ আশপাশের শরণার্থী শিবিরগুলোতে স্থল ও আকাশপথে ব্যাপক হামলা চালানো শুরু করে। এতেই হতাহতের এসব ঘটনা ঘটেছে।

জাতিসংঘ জানিয়েছে, তারা বৃহস্পতিবার থেকে শনিবারের মধ্যে অন্তত ১৪৮ জন নিহতের বিষয়টি নিশ্চিত হয়েছে। নিহতের প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি বলেও আশঙ্কা তাদের।

জাতিসংঘের মুখপাত্র রাভিনা শামদাসানি বিবিসিকে বলেছেন, নিহতের সংখ্যা যাচাইয়ের প্রক্রিয়া এখনো চলমান এবং এর মধ্যে রবিবারের সহিংসতায় নিহতরা নেই। সব মিলিয়ে গেল এক সপ্তাহে চারশর বেশি মানুষ নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্বাসযোগ্য সূত্র। তিনি জানান, নিহতদের মধ্যে অন্তত নয়জন মানবিক ত্রাণ সহায়তাকর্মী।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘাত মঙ্গলবার তৃতীয় বছরে গড়াল।