বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আমরা সব সময় বলে আসছি, আমরা একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্য দিয়ে নতুন একটি বাংলাদেশ তৈরি করতে চাই। নিঃসন্দেহে আমাদের মধ্যে ঐক্য সম্ভব হবে। আমরা সফল হব।’
গত সোমবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে চিকিৎসা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা আলাপকালে মির্জা ফখরুল এসব কথা বলেন।
আগামী ডিসেম্বর থেকে ২০২৬ সালের জুনের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন, ‘এ সমস্যারও সমাধান হবে।’ তিনি বলেন, ‘অতীতের যত ধুলোবালি, অতীতের যত জঞ্জাল, সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ আমাদের জন্য সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।’ চিকিৎসার জন্য ৬ এপ্রিল সিঙ্গাপুর যান বিএনপি মহাসচিব ও তার স্ত্রী রাহাত আরা বেগম।
এদিকে সোমবার সকালে রাজধানীর রমনায় জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত বৈশাখী সাংস্কৃতিক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেন, ‘বাংলাদেশে আওয়ামী লীগের অপরাজনীতির বিলুপ্তি হয়েছে, শেখ হাসিনার রাজনৈতিক মৃত্যু হয়েছে। আওয়ামী রাজনীতির মৃত্যু ঢাকায়, দাফন হয়েছে দিল্লিতে।’
স্বতন্ত্র সংস্কৃতি এবং ধর্মীয় মূল্যবোধের সংস্কৃতিকে বিকৃত ও বিস্মৃত করতেই আওয়ামী লীগ মঙ্গল শোভাযাত্রার প্রচলন করেছিল বলে অভিযোগ করেন সালাহ উদ্দিন আহমদ। এখনো ভারতীয় সংস্কৃতির আগ্রাসন থেকে মুক্ত হওয়া গেছে কি না এমন প্রশ্নও তোলেন তিনি।
সালাহ উদ্দিন বলেন, ‘পহেলা বৈশাখের আনন্দ শোভাযাত্রা ঐতিহ্যের অংশ। এ ভূখণ্ডের হাজার বছরের লালিত সংস্কৃতিকে লালন-পালনের মাধ্যমে এগিয়ে নিতে হবে। বাংলাদেশের ইতিহাস-ঐতিহ্যকে বিকৃত করার জন্য যেসব অপসংস্কৃতির অনুপ্রবেশ ঘটানো হয়েছিল, সেই সংস্কৃতিকে ঝেঁটিয়ে বিদায় করা সবার দায়িত্ব।’
তিনি বলেন, ‘বাংলার বৈশাখী মেলা, বাংলার তালপাতার পাখা ও বাঁশি আমাদের সংস্কৃতি। আমরা পান্তাভাত ও ইলিশ মাছ খেয়েছি। আমাদের সংস্কৃতির মতো করে উদযাপন করেছি। এটিকে যেন ধর্মচর্চার পর্যায়ে কেউ না নিয়ে যায়।’