সাভারের আশুলিয়ায় একটি যাত্রীবাহী লেগুনা সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে যাওয়ায় ২ পোশাক শ্রমিক মারা গেছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ৪ জন। বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার বাইপাইল-আব্দুল্লাহপুর সড়কের জামগড়া ফ্যান্টাসি কিংডমের সামনে এ দুর্ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ সময় নিহতদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে।
নিহতরা হলেন- আশুলিয়ার এনভয় গার্মেন্টসের সুপারভাইজার মো. বদরুল আলম গাজী (হাবিব) এবং ইউনিমাস ক্যাপ ফ্যাক্টরির সিনিয়র অপারেটর মো. হৃদয় মিয়া। এ ছাড়া আহতদের উদ্ধার করে আশুলিয়ার নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলের বৃষ্টিতে সড়কটির বিভিন্ন স্থানে পানি জমে যায়। ৮-১০ জন যাত্রী নিয়ে লেগুনাটি বাইপাইলের দিকে যাচ্ছিল। লেগুনাটি সড়কের পাশের খোলা ড্রেনে পড়ে গেলে ৫-৬ জন যাত্রী আহত হন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।
আশুলিয়া নারী ও শিশু হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, দুর্ঘটনার পর ৪ জনকে হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক ২ জনকে মৃত ঘোষণা করেন। আহত ২ জনের অবস্থা ভালো আছে। চিকিৎসা শেষে তাদের ছেড়ে দেওয়া হবে।