বাঞ্ছারামপুরের সেই শিশুর খোঁজ নিলেন তারেক রহমান

ব্রাহ্মবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় নির্যাতনের শিকার শিশুটির চিকিৎসার খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গতকাল শুক্রবার তার উদ্যোগে গঠিত ‘নারী ও শিশু নিপীড়িতদের আইনি ও চিকিৎসা সহায়তা সেলের’ একটি প্রতিনিধিদল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসে। 

এ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক এবং স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সমন্বয়ক সহযোগী অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম। তিনি শিশুটির চিকিৎসার খোঁজ নেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে আর্থিক সহায়তা দেন। একই সঙ্গে তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসা ও আইনি সহায়তাসহ যেকোনো প্রয়োজনে তাদের পাশে থাকার আশ্বাস দেন। ডা. রফিকুল শিশুটির চিকিৎসাদানকারী চিকিৎসকদের সঙ্গে কথা বলেন এবং তার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সহসম্পাদক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. নজরুল ইসলাম, ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির সহযোগী অধ্যাপক ও স্বাস্থ্যসেবা সহায়তা সেলের সদস্য ডা. ফোয়ারা তাসমীম পামি, ডা. মো. জামশেদ আলী, ডা. সাইফুল আলম বাদশা, সদস্য ডা. কাজী আবু তালহা। গত ১৫ এপ্রিল নিজ বাড়ির পাশে ধর্ষণের শিকার হয় সাড়ে পাঁচ বছরের এই শিশু।