গাজীপুর মহানগরীর টঙ্গীতে দুই শিশুকে কুপিয়ে ও জবাই করে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার বিকেল ৪টার দিকে পূর্ব আরিচপুর রূপবানের মারটেক এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
নিহত দুই শিশুর নাম আব্দুল্লাহ (৩) ও মালিহা (৬)। তারা ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর থানার তাতোয়াকান্দি গ্রামের আব্দুল বাতেনের সন্তান।
স্বজনদের বরাত দিয়ে পুলিশ জানায়, বিকেলে নিহত শিশুদের মায়ের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত দুই শিশুর রক্তাক্ত নিথর দেহ দেখতে পান স্বজনরা। পরে তারা থানা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে উপস্থিত হয় পুলিশ। তবে কেন বা কী কারণে শিশু দুটিকে হত্যা করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ তদন্ত করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।