ডিবি পরিচয়ে জিম্মি করে নগদ পয়েন্টের কোটি টাকা লুট

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় ডিবি পুলিশ পরিচয় দিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে আর্থিক প্রতিষ্ঠান নগদ পয়েন্টে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রতিষ্ঠানের কর্মকর্তা, কর্মীদের মারধর করে প্রায় কোটি টাকা লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে অপরাধীদের ধরার আশ্বাস দিয়ে বিষয়টি প্রকাশ না করার পরামর্শ দেয় বলে অভিযোগ করেছেন নগদের কর্মকর্তারা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ১৪ এপ্রিল সন্ধ্যা পৌনে ৬টার দিকে চান্দনা চৌরাস্তায় রিয়াজ টাওয়ারের ষষ্ঠতলায় নগদের মাল্টি পয়েন্ট বিডি নামের ব্যবসা প্রতিষ্ঠানে ডিবি পুলিশ পরিচয়ে প্রবেশ করে। প্রতিষ্ঠানে অবৈধ কার্যকলাপ করা হয় এ অভিযোগ এনে তারা প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে মারধর শুরু করে এবং প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। একপর্যায়ে প্রতিষ্ঠানের ভল্ট থেকে ৯৮ লাখ টাকা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

গতকাল শনিবার দুপুরে এ ব্যাপারে নগদ পয়েন্টের জেনারেল ম্যানেজার শাহ মোহাম্মদ একরামুল হক অভিযোগ করে বলেন, ‘ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতরা প্রতিষ্ঠানের ৯৮ লাখ ১৮ হাজার টাকা লুট করেছে। এ ব্যাপারে মামলা করা হলেও পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শনের সময় দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ্বাস দিয়ে বিষয়টি গণমাধ্যমকর্মীদের না জানাতে অনুরোধ করেন।’

এ ব্যাপারে বাসন থানার ওসি মো. কায়সার আহমেদ বলেন, টাকা লুটের পর থেকে প্রতিষ্ঠানের সন্দেহভাজন এক সুপারভাইজার পলাতক রয়েছেন। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।