বিদ্যালয়ের গাছে ঝুলছিল নৈশ্যপ্রহরীর মরদেহ

কুষ্টিয়ার কুমারখালীতে মো. স্বাধীন (২২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পু্লিশ। রবিবার (২০ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আম গাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্বাধীন নন্দলালপুর ইউনিয়নের মাঠপাড়া এলাকার ভ্যানচালক আকুল হোসেনের একমাত্র সন্তান। তিনি সোন্দাহ নন্দলালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নৈশপ্রহরী হিসেবে কাজ করতেন। তবে এটি হত্যা, নাকি আত্মহত্যা বা কি কারণে এমন ঘটনা ঘটেছে তা জানা যায়নি। 

পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার রাত ১০ টার দিকে ভ্যানে করে স্বাধীনকে বিদ্যালয়ে দিয়ে আসেন তার বাবা আকুল হোসেন। এরপর আজ রবিবার সকালে বিদ্যালয়ে একটি আমগাছে রশির সঙ্গে স্বাধীনকে ঝুলতে দেখে পুলিশ ও স্বজনদের খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেন।

পুলিশ আরো জানায়, বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজে দেখা গেছে রাত ১২ টা ৭ মিনিট থেকে হাতে একটি রশি নিয়ে বার বার ছুটাছুটি করছে স্বাধীন। তবে ঘটনাস্থলটিতে কোনো সিসিটিভি ক্যামেরা না থাকায় মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। আর তার স্মার্টফোনটি পাওয়া গেছে নিজ বাড়িতে।  

এ বিষয়ে স্বাধীনের বাবা আকুল হোসেন বলেন, ' রাত ১০ টার দিকে ভ্যানে করে আমিই ছেলেকে স্কুলে দিয়ে এসেছি। আর সকালে খবর পেয়ে গিয়ে দেখি আমগাছে ঝুলছে লাশ। কিন্তু কেন কিভাবে এমন হয়েছে তা জানিনা। ওর সঙ্গে বাড়িতে বা বাড়ির বাইরের কারো সঙ্গে কোনো ঝামেলা ছিলোনা।

সোন্দাহ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম মুঠো ফোনে বলেন, স্বাধীন নিয়মিত দায়িত্ব পালন করত। কারো সঙ্গে ঝামেলা ছিলোনা। খবর পেয়ে সকালে বিদ্যালয়ে গিয়ে লাশ পেয়েছি। তবে কোনো কারণ জানা যায়নি। 

কুমারখালী থানার ওসি মো. সোলায়মান শেখ বলেন, ‘নৈশ প্রহরীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত ঘটনার কোনো কারণ জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে পরে বিস্তারিত জানানো যাবে।