ঐতিহ্যবাহী চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের ১৯০ বছর পূর্তি ও পুনর্মিলন উৎসব উপলক্ষে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানিয়েছে স্কুল প্রাক্তন ছাত্র সমিতি ‘চট্টগ্রাম কলেজিয়েটস’।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য অনুষ্ঠানের আয়োজনের আহ্বায়ক ও সমিতির সহ-সভাপতি আমীর হুমায়ন মাহমুদ চৌধুরী বলেন, আগামী ২৫ ও ২৬ ডিসেম্বর কলেজিয়েট স্কুল প্রাঙ্গণে দুই দিনব্যাপী ১৯০ বছর পূর্তি ও পুনর্মিলন উৎসব আয়োজন করতে যাচ্ছেন তারা।
তিনি বলেন, ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত উপমহাদেশের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম চট্টগ্রাম কলেজিয়েট স্কুল ১৯০ বছরের মাইলফলক অতিক্রম করেছে। সুদীর্ঘ সময় ধরে আলোকবর্তিকা হয়ে এই প্রতিষ্ঠান সৃষ্টি, শিল্পতায়, মেধা, মননের অপূর্ব সমন্বয়ে তার স্বপ্নযাত্রীদের মাঝে স্বপ্নের বীজ বপন করে চলেছে। যারা আজ সমহিমায় আলো ছড়াচ্ছেন দেশে-বিদেশে। আমাদের কৈশোরের আনন্দ-বেদনার অপূর্ব স্মৃতিকে ধারণ করে আছে এই লাল ইটের দালান।
আমীর হুমায়ন মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রাম কলেজিয়েটসে এই আয়োজন শুধু বিনোদন বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ নয়, এর পরিসর ও ব্যাপকতা অনেক। এটি একটি সর্বাত্মক জনকল্যাণমুখী প্রতিষ্ঠানে রূপান্তরিত হওয়ার প্রত্যাশার আলোকে ১৯৯৮ সালে গঠিত হয় ‘চট্টগ্রাম কলেজিয়েটস কল্যাণ ট্রাস্ট’ । যার মাধ্যমে অসুস্থ ও দরিদ্র শিক্ষক, ছাত্র, কর্মচারীসহ স্কুলের উন্নয়ন চট্টগ্রাম কলেজিয়েটস পাশে দাঁড়িয়েছে। তাই সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে উপ-মহাদেশের ইতিহাস ও ঐতিহ্যের স্মারক চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের এই গৌরোজ্জ্বল মুহূর্তকে চিরস্মরণীয় করে রাখতে হবে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি অধ্যাপক সেলিম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক মোস্তাক হোসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ন ম ওয়াহিদ দুলাল, অর্থ সম্পাদক ফজলুল হক, দপ্তর সম্পাদক গোলাম মহিউদ্দিন মুকুল, আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ জাকেরিয়া, সাংস্কৃতিক সম্পাদক সমর বড়ুয়া, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক ড. নুরুল আমিন, তথ্য ও প্রযুক্তি সম্পাদক তুহিন কান্তি শীল, সিনিয়র সাংবাদিক ওসমান গণি মনসুর, অ্যাডভোকেট এহতেশামুল হক রিসতা।