চলতি আইপিএলটা মোটেও ভালো যাচ্ছে না গ্লেন ম্যাক্সওয়েল আর লিয়াম লিভিংস্টোনের। এই দুই বিদেশির খেলা যেন সহ্যই করতে পারছেন না ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র শেবাগ। তাদের আক্রমণ করে শেবাগ বলেছেন, এই দুই বিদেশি ছুটি কাটানোর জন্য ভারতে আসে। দলে অবদান রাখার কোনো ইচ্ছাই নাকি তাদের মাঝে নেই!
অস্ট্রেলিয়ার হার্ডহিটার ম্যাক্সওয়েল এবার খেলছেন পাঞ্জাব কিংসের হয়ে। ৪ কোটি ২৫ লাখ রুপিতে কেনা এই ক্রিকেটার ৬ ম্যাচে করেছেন মাত্র ৪১ রান! গড় ৮.২০ এবং স্ট্রাইক রেট ১০০। বল হাতে নিয়েছেন চারটি উইকেট। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে ৭ ম্যাচে ৮৭ রান করেছেন লিভিংস্টোন। এর মাঝে একটা ফিফটিও আছে। ৮.৭৫ কোটি দাম পেলেও এখনও দলের আস্থার প্রতিদান দিতে পারেননি এই ইংলিশ তারকা।
এক ওয়েবসাইটে দেওয়া সাক্ষাৎকারে শেবাগ বলেছেন, ‘আমার মনে হয়, ম্যাক্সওয়েল এবং লিভিংস্টোনের রানের ক্ষুধা কমে গেছে। তারা এখানে ছুটি কাটাতে আসে। ভারতে এসে শুধু মজা করে, তারপর ফিরে যায়। দলের জন্য লড়াই করার কোনো ক্ষুধা তাদের মাঝে দেখা যাচ্ছে না। সাবেক অনেক ক্রিকেটারের সঙ্গেই সময় কাটিয়েছি। মাত্র এক-দুই জনকে দেখে মনে হয়েছে যে, দলের জন্য সত্যি করে কিছু করার ইচ্ছা তাদের আছে। বাকিদের মাঝে সেটাও নেই।’