অবসরপ্রাপ্ত কূটনীতিক মোহাম্মদ সুফিউর রহমানকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দিয়েছেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস, যিনি শেখ হাসিনার আমলে চার দেশে বাংলাদেশের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন। তাকে পররাষ্ট্র উপদেষ্টাকে সহায়তার দায়িত্ব দেওয়া হয়েছে।
গতকাল রবিবার মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা এ সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, উপদেষ্টাকে সহায়তা করার জন্য সুফিউর রহমানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা অর্পণ করা হয়েছে। বিশেষ সহকারী পদে থাকাকালে তিনি প্রতিমন্ত্রীর পদমর্যাদা, বেতন-ভাতা ও আনুষঙ্গিক সুযোগ-সুবিধা পাবেন। বিসিএস পররাষ্ট্র ক্যাডারের কর্মকর্তা সুফিউর রহমান সরকারি চাকরিতে যোগ দেন ১৯৯১ সালের জানুয়ারিতে। ২০১২ সালে সরকার তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব দেয়।
তিনি সর্বশেষ ২০২২ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের মে পর্যন্ত সুইজারল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জেনেভার জাতিসংঘ ও আন্তর্জাতিক সংস্থায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেন।
তার আগে ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ফিজি এবং দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় কয়েকটি দেশে বাংলাদেশের হাইকমিশনার ছিলেন সুফিউর রহমান।
২০১৪ থেকে ২০১৭ পর্যন্ত তিনি ছিলেন মিয়ানমারে বাংলাদেশের রাষ্ট্রদূত; ওই সময়টায় বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের ঘটনা ঘটে।
তার আগে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত শ্রীলংকায় বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুফিউর রহমান।
অবসরে যাওয়ার পর গত বছরের জুলাই থেকে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ‘সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স’ (এসআইপিজি) এর সিনিয়র রিসার্চ ফেলো হিসেবে কাজ করে আসছিলেন তিনি।