নারী সংস্কার কমিশন

সুপারিশ বাতিলের দাবিতে হেফাজতের সমাবেশ ৩ মে

নারীবিষয়ক সংস্কার কমিশন সুপারিশ বাতিল, ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে গণহত্যার বিচার নিশ্চিত করাসহ ৫ দাবিতে আগামী ৩ মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আর ৩ মে’র মধ্যে এসব দাবি মানা না হলে আরও বড় আকারে কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে তারা। গতকাল রবিবার রাজধানীর কাকরাইলে কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশে (আইডিইবি) হেফাজতের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের এক  বৈঠক শেষে এ কর্মসূচির ঘোষণা দেন সংগঠনের মহাসচিব সাজিদুর রহমান। বৈঠকে সভাপতিত্ব করেন সংগঠনের আমির শাহ মহীবুল্লাহ বাবুনগরী। সংবাদ সম্মেলনে সাজিদুর রহমান বলেন, হেফাজতে ইসলামের মজলিসে আমেলা বা নির্বাহী পরিষদের মিটিংয়ে সর্বসম্মতিক্রমে ৩ মে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে।

মহাসমাবেশের দাবিসমূহ তুলে ধরে হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক বলেন, ফ্যাসিবাদী আমলে হেফাজতে ইসলামের নেতাদের নামে অসংখ্য মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, এগুলো প্রত্যাহার করতে হবে। ২০১৩ সালে শাপলা চত্বরে এবং ২০২১ সালে মোদিবিরোধী আন্দোলনে হেফাজতে ইসলামের  নেতাকর্মীদের হত্যাকা-সহ সব হত্যাকা-ের দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। মামুনুল হক আরও বলেন, বাংলাদেশের সংবিধান সংস্কার কমিশনে যে প্রস্তাবনা আনা হয়েছে, তার মধ্যে ‘বহুত্ববাদ’-এর প্রস্তাবনা, আমরা প্রত্যাখ্যান করছি। বহুত্ববাদের প্রস্তাবনা বাতিল করে মহান আল্লাহর ওপর অবিচল আস্থা ও বিশ্বাসের ধারা পুনর্বহাল করতে হবে। তিনি আরও বলেন, নারী অধিকার সংস্কার কমিশন কর্তৃক যে প্রস্তাবনা তৈরি করা হয়েছে, সেটি ঐকমত্য কমিশনে উপস্থাপন করা হয়েছে, সেখানে অত্যন্ত  আপত্তিকরভাবে ধর্মীয় বিধিবিধান, বিশেষ করে ইসলামি উত্তরাধিকার আইন ও ইসলামি পারিবারিক আইনকে নারীর প্রতি বৈষম্যের কারণ হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। আমরা এই প্রস্তাবনা ঘৃণাভরে প্রত্যাখ্যান ও তা বাতিলের দাবি করছি।