মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার আইসিটিবিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেছেন, ‘সরকার মোবাইল নেটওয়ার্ক অপারেটরগুলোকে পলিসি সাপোর্ট দিয়েছে এবং সরকারি-বেসরকারি যৌথ উদ্যোগে আন্তর্জাতিক এবং জাতীয় স্তরগুলোতে পাইকারি পর্যায়ে ইন্টারনেটের দামও কমিয়েছে। এখন তাদের (অপারেটরদের) জাতীয় উদ্যোগে শরিক হওয়ার পালা।’
গতকাল সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এই আহবান জানান ফাইজ তৈয়্যব আহমেদ। দেশের মোবাইল ইন্টারনেটের মান নিয়ে ব্যাপক প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন।
তৈয়্যব লিখেছেন, ‘এখানে (মোবাইল ইন্টারনেটের) মানের তুলনায় দাম অনেক বেশি। এমতাবস্থায় গ্রাহক স্বার্থে যৌক্তিক পদক্ষেপ নিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’
চলমান উচ্চ মূল্যস্ফীতির মধ্যে মোবাইল ইন্টারনেটের দাম কমলে কিছুটা স্বস্তি আসবে মন্তব্য করে তিনি বলেন, সরকার মোবাইল কোম্পানিগুলোকে ডিডব্লিউডিএম (ডেনস ওয়েভলেন্থ ডিভিশন মাল্টিপ্লেক্সিং) এবং ডার্ক ফাইবার সুবিধা প্রদান করেছে। এমতাবস্থায় বেসরকারি মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেটের দাম না কমানোর কোনো ধরনের যৌক্তিক কারণ কিংবা অজুহাত অবশিষ্ট থাকে না।
প্রধান উপদেষ্টার এই বিশেষ সহকারী লিখেছেন, নতুন তিনটি স্তরে ইন্টারনেটের মূল্য কমছে। ফাইবার অ্যাট হোমের ম্যানেজমেন্ট নিশ্চিত করেছেন যে আইটিসি পর্যায়ে ১০ শতাংশ, আইআইজি পর্যায়ে ১০ শতাংশ এবং এনটিটিএন বা ন্যাশনাল ট্রান্সমিশন পর্যায়ে ১৫ শতাংশ মূল্য হ্রাস করবেন তারা। বাকি আছে শুধুমাত্র মোবাইল সেবাদাতা তিনটি বেসরকারি কোম্পানির দাম কমানোর ঘোষণা।
এ বিষয়ে ফাইবার অ্যাট হোমের চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার আব্বাস ফারুক সাংবাদিকদের বলেন, ‘সরকার জনগণকে সাশ্রয়ী মূল্যে যে মানসম্মত সেবা দিতে যাচ্ছে, আমরাও সরকারের সঙ্গে সে যাত্রায় শরিক হচ্ছি। আমরা গুণগত মানসম্পন্ন সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই।’