রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) জুলাই আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত ছাত্রলীগ কর্মী উজ্জ্বল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাঈদ চত্বর থেকে তাকে আটক করা হয়। তিনি বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত ৭১ জনের মধ্যেও ছিলেন।
উজ্জ্বল মিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী। গত ১৬ জুলাই ২০২৪ সালে ‘জুলাই আন্দোলন’-এর সময় সাধারণ শিক্ষার্থীদের ওপর সংঘটিত হামলার সঙ্গে তিনি সরাসরি জড়িত ছিলেন। বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে তাকে হাতে অস্ত্রসহ শিক্ষার্থীদের ওপর আক্রমণ করতে দেখা যায়। পরবর্তীতে প্রমাণ সাপেক্ষে তাকে দুই সেমিস্টার বহিষ্কারও করা হয় এবং সাধারণ শিক্ষার্থীদের দ্বারা অবাঞ্চিত হন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা ও লোকপ্রশাসন বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জহির রায়হান বলেন, আমরা জানতে পারি উজ্জ্বল মিয়া শহীদ আবু সাঈদ চত্বরে চা খাচ্ছেন। পরে আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তাকে ঘিরে ফেলি এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেই। আশা করি প্রশাসন উপযুক্ত বিচার করবেন।
বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ি থেকে অভিযুক্ত উজ্জলকে রংপুর মহানগরীর তাজহাট থানায় হস্তান্তর করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। তারা আশা করছেন, হামলায় জড়িত সকল ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় আনা হবে এবং বিচার নিশ্চিত করা হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. ফেরদৌস রহমান বলেন, ভিসি স্যারের সঙ্গে আলোচনা করে আমরা উজ্জ্বলকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করি। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।