তেহরিক-ই-তালেবানের ১৬ সদস্য নিহত

পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত তেহরিক-ই-তালেবান পাকিস্তানের ১৬ সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানায়, পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে পুলিশ, কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট এবং নিরাপত্তা বাহিনীর পৃথক অভিযানে নিহত হন তারা। পাঞ্জাব পুলিশ জানিয়েছে, মিয়ানওয়ালি জেলার মাকারওয়াল এলাকায় পুলিশ-সিটিডির যৌথ অভিযানে অন্তত ১০ জন নিহত হয়। এর কয়েক ঘণ্টা পর দেশটির সেনাবাহিনী জানায়, খাইবার-পাখতুনখাওয়ার ওয়াজিরিস্তানে চালানো অভিযানে ছয়জন নিহত হয়।

২০-৩০ জন সন্ত্রাসীর উপস্থিতির খবরের ভিত্তিতে দুদিন ধরে পাহাড়ি এলাকায় অভিযান চলে। অভিযানে পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে পাল্টাপাল্টি গুলি বিনিময় হয়। তবে অভিযানে নিরাপত্তা বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।