পারভেজ হত্যা

প্রধান আসামি গ্রেপ্তার, হৃদয় ৭ দিনের রিমান্ডে

প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (১৯) গাইবান্ধা থেকে গ্রেপ্তার করেছেন র‌্যাব-১৩-এর সদস্যরা। গতকাল বুধবার বিকেল ৪টার দিকে গাইবান্ধা সদর উপজেলার শাহপাড়া ইউনিয়নের ভবানীপুর গ্রামের এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মেহেরাজ ঢাকার বনানী থানার মহাখালী হাজারীবাড়ী এলাকার নুরুল ইসলাম সরদারের ছেলে।

র‌্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোয়েন্দা তথ্যের মাধ্যমে র‌্যাব জানতে পারে, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বনানী থানার হত্যা মামলার এজাহারনামীয় প্রধান আসামি মো. মেহেরাজ ইসলাম (২০) গাইবান্ধার সদর থানা এলাকায় অবস্থান করছে। গতকাল বিকেল সাড়ে ৪টায় ভবানীপুর গ্রামের মো. এরশাদ হোসেনের বাড়িতে অভিযান চালান র‌্যাব সদস্যরা। তারা ওই বাড়ি থেকে চাঞ্চল্যকর জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার পলাতক এজাহারনামীয় প্রধান আসামি মেহেরাজ ইসলামকে (২০) গ্রেপ্তার করেন।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর কড়া নিরাপত্তায় তাকে ঢাকায় নেওয়া হয়েছে। ঢাকায় গিয়ে সংবাদ সম্মেলন করা হবে।

পারভেজ হত্যা মামলায় আসামি হৃদয় সাত দিনের রিমান্ডে : প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজীর সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্যাহ উভয়পক্ষের শুনানি শেষে আসামির জামিনের আবেদন নাকচ করে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

তদন্ত কর্মকর্তা বনানী থানার পুলিশ পরিদর্শক এ কে এম মাইন উদ্দিন ১০ দিনের রিমান্ড আবেদন করেন। গত ২১ এপ্রিল রাতে কুমিল্লার তিতাস উপজেলার মনাইরকান্দি গ্রাম থেকে হৃদয় মিয়াজীকে গ্রেপ্তার করে র‌্যাব-১১।

গত ২০ এপ্রিল বিকেল ৪ টার পর বনানীতে প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ ও টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘাত শুরু হয়। এ সময় ছুরিকাঘাতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী পারভেজকে হত্যা করা হয়। এ ঘটনায় ২০ এপ্রিল রাতে বনানী থানায় মামলা করেন নিহতের মামাতো ভাই হুমায়ন কবীর। ২৪ বছর বয়সী জাহিদুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।