আগামী জুন-জুলাইয়ে পুরানো ফরম্যাটে সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য প্রাথমিক সিদ্ধান্তের কথা শোনা গিয়েছিল। তবে সেটা বাস্তবায়িত হচ্ছে না। ২০২৬ সাল পর্যন্ত এই টুর্নামেন্ট স্থগিত রেখেছে দক্ষিণ এশিয়ান ফুটবল ফেডারেশন।
আজ বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়, ‘আমাদের অ্যাসোসিয়েশনের সদস্য এবং স্পোর্টস ফাইভ (কমার্শিয়াল রাইটস হোল্ডার) মনে করছে যে, টুর্নামেন্টটি সুষ্ঠুভাবে আয়োজনের জন্য আরও কিছু সময় প্রয়োজন। তাই এই টুর্নামেন্টটি ২০২৬ পর্যন্ত স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে জাঁকজমকভাবে টুর্নামেন্ট আয়োজনে প্রস্তুতির সময় পাওয়া যাবে।
জানা গেছে, টুর্নামেন্টের বাণিজ্যিক দিকটা ঠিক রাখতে হোম অথবা অ্যাওয়ে ভিত্তিতে সাফ আয়োজন করতে চায় কমার্শিয়াল রাইটস হোল্ডার। এই নিয়মে একেকটি দেশ তিনটি করে ম্যাচ নিজ দেশে আয়োজন করার সুযোগ পাবে, আর বাকি তিন ম্যাচ খেলবে অন্য তিন দেশের মাটিতে। ২০২৬ সালে বিশ্বকাপ থাকায় সাফের জন্য উপযুক্ত সময় নির্ধারণের বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে।