সময় যেন উড়ে গেল পাখির ডানায়। চট্টগ্রামের মায়াময় আলোয় বাংলাদেশের বিপক্ষে জিম্বাবুয়ের টেস্ট দিয়েই শেষ হলো ডেভিড বুনের ১৪ বছরের ম্যাচ রেফারি জীবন। আইসিসির অভিজ্ঞ এই প্রতিনিধি এদিন মাঠের দায়িত্ব শেষ করলেন জীবনের এক অনন্য অধ্যায় গুছিয়ে। বিদায়ের মুহূর্তে তাকে সম্মান জানাল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
দীর্ঘ ১৪ বছরের অফিশিয়াল ক্যারিয়ারে অসামান্য অবদানের জন্য বিসিবির পক্ষ থেকে ডেভিড বুনকে ক্রেস্ট প্রদান করেন বোর্ড পরিচালক ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। আইসিসির হয়ে কৃতজ্ঞতা জানানো হয় অস্ট্রেলিয়ার এই কিংবদন্তিকে।
অস্ট্রেলিয়ার হয়ে ১৯৮৭ সালে বিশ্বকাপ জেতা ডেভিড বুন মাঠের যোদ্ধা ছিলেন একসময়। ক্রিকেটার বুনের ব্যাট থেকে এসেছিল ইতিহাসের পাতায় লেখা অনেক মহাকাব্য। ১০৭ টেস্ট ও ১৮১ ওয়ানডেতে অংশ নেওয়া এই ক্রিকেটার ১৯৮৭ বিশ্বকাপ ফাইনালে ‘প্লেয়ার অব দ্য ম্যাচ’ হয়ে মাতিয়েছিলেন মঞ্চ।
ক্রিকেট থেকে অবসর নিয়ে ২০১১ সালে শুরু হয় তার নতুন যাত্রা—আইসিসির ম্যাচ অফিশিয়াল হিসেবে। এরপর টানা ১৪ বছরে ৮৭টি টেস্ট, ১৮৩টি ওয়ানডে এবং ১১৯টি টি-টোয়েন্টি ম্যাচে দায়িত্ব পালন করেন তিনি।
চট্টগ্রামের এই টেস্ট, বাংলাদেশ ও জিম্বাবুয়ের লড়াই—ডেভিড বুনের ম্যাচ রেফারি জীবনকে দিল শেষ ছোঁয়া। বিদায়ের মুহূর্তে তার চোখে-মুখে হয়তো ফুটে উঠেছিল কৃতজ্ঞতা, মনের গহীনে বাজছিল আরও একটি নতুন অধ্যায়ের সূচনার সুর।