গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় নীলফামারীর ডোমারের সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (২৮ এপ্রিল) দুপুরে দেশ রূপান্তরকে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সোমবার সকাল সাড়ে ১০টায় বোড়াগাড়ি ইউনিয়নের বটতলী বাজার এলাকা থেকে তোফায়েল আহমেদকে গ্রেপ্তার করা হয়। তিনি পশ্চিম বোড়াগাড়ি চান্দিনাপাড়া গ্রামের মৃত শওকত আলীর ছেলে।
ওসি আরও জানান, ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় বিএনপি মনোনীত প্রার্থী বেগম খালেদা জিয়ার দুলাভাই অধ্যাপক রফিকুল ইসলাম ইসলাম ওই নির্বাচনে নীলফামারী -১ (ডোমার-ডিমলা) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। নির্বাচনী প্রচারণার সময় বিএনপি সমর্থকদের গাড়িবহরে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা উল্লেখ করে সম্প্রতি ডোমার থানায় একটি মামলা দায়ের করা হয় বিএনপির পক্ষে। সেই মামলায় তিনি আসামি হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে নীলফামারী আদালতে পাঠানো হয়েছে।