নীলফামারীর ডোমার উপজেলার ট্রেনে কাটা পড়ে রাশেদুল ইসলাম (৩০) নামে এক বাসচালকের মৃত্যু হয়েছে। শনিবার(২৫ এপ্রিল) বিকালে ডোমার উপজেলার সোনারায় ইউনিয়নের বড়গাছা দরগাপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ওই এলাকার বুলবুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, বিকাল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্তঃনগর ‘নীলসাগর এক্সপ্রেস’ ট্রেনটি বিকেলে বড়গাছা দরগাপাড়া এলাকা অতিক্রম করছিল। এ সময় রাশেদুল রেললাইনের ওপর দাঁড়িয়ে ছিলেন। দ্রুতগামী ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
বিষয়টি নিশ্চিত করে সৈয়দপুর জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ওসি আরও জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
--
