বীর বিক্রম শহীদ রুমির ৭৫তম জন্মতিথি উপলক্ষে নীলফামারীর ডোমারে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার (২৯ মার্চ) সন্ধ্যায় ডোমার উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের হলরুমে সাদা-কালো ফোরাম ও নিউজব্যাংকের আয়োজনে এ সম্মাননা দেওয়া হয়।
সাদাকালো ফোরাম ও নিউজব্যাংকের সম্পাদক সালেম সুলেরীর সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডোমার মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা শহিদার রহমান মানিক, গোলাম মোস্তফা, ইলিয়াস হোসেন, শমসের আলী, রবিউল ইসলাম রাব্বি, জসিয়ার রহমান, কানাডা প্রবাসী সংস্কৃতিসেবী শেরিনা শরিফ, দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার তাহমিন হক ববী, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি মীর মাহমুদুল হাসান আস্তাক ও চ্যানেল আইয়ের প্রতিনিধি আনোয়ারুল আলম প্রধান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা ডোমার উপজেলার খাটুরিয়া গ্রামের সন্তান শহীদ রুমির বীরত্বগাথা ও অবদানের কথা স্মরণ করেন। একই সঙ্গে তার স্মৃতি সংরক্ষণে ডোমার উপজেলার বসুনিয়া হাট সড়কটি শহীদ রুমির নামে নামকরণের দাবি জানান। সভা শেষে ১৩ জন বীর মুক্তিযোদ্ধাদের হাতে “শহীদ রুমি (বীর বিক্রম)” সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
