জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘কেউ যদি দেশকে ভালোবাসে, দেশের জনগণকে ভালোবাসে, তাহলে সে দেশ ছেড়ে পালাতে পারে না।’ গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে মাওলানা আব্দুস সুবহান (রহ.) ফাউন্ডেশন আয়োজিত একটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জাতীয় স্বার্থে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর আমির বলেন, ‘একটা মানবিক বাংলাদেশ গড়ার জন্য দল-মতের ঊর্ধ্বে ওঠে জাতির স্বার্থে জাতীয় ব্যাপারে ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।’
দলের সাবেক নেতা মীর কাসেম আলীর উদ্ধৃতি দিয়ে জামায়াত আমির বলেন, ‘তিনি আমেরিকায় ছিলেন। তার কিছু বন্ধু তাকে বাংলাদেশে আসতে নিষেধ করেছিলেন। তিনি বলেছিলেন, বাংলাদেশে গেলে কী হবে? তার বন্ধুরা বলেছিলেন, আপনারও একই অবস্থা হতে পারে। তখন তিনি বলেছিলেন, মৃত্যুর কাছে দাঁড়িয়ে বলব আমার বিরুদ্ধে যেসব অভিযোগ রয়েছে, সেসব মিথ্যা।’ তিনি বলেন, ‘মীর কাসেম আলী দেশকে ভালোবাসতেন। দেশের মানুষকে ভালোবাসতেন। আর দেশকে ভালোবাসতেন বলেই দেশে ফিরে এসেছিলেন।’
মাওলানা আব্দুস সুবহানের ব্যক্তিত্ব দল-মত নির্বিশেষে সবাইকে মুগ্ধ করত বলে মন্তব্য করে শফিকুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ সরকারের জুলুমের শিকার হয়ে কনডেমড সেলে মৃত্যু অপেক্ষায় থেকেও মাওলানা আব্দুস সুবহান কখনো ভয় পাননি। জেলে থাকা অবস্থায়ও তিনি কারাগারে থেকে সবার খোঁজখবর রাখতেন। নেতৃত্ব দিতে হলে মানুষকে বুঝতে হয়, এটার আজ বড় অভাব। মাওলানা আব্দুস সুবহান জেলে গিয়েও মানুষের সমস্যা সমাধান করতেন। তিনি ফাঁসির রায় শুনেও প্রশান্ত ছিলেন। দেশকে, মানুষকে ভালোবাসলে কেউ পালিয়ে যায় না। জামায়াত নেতারা তা প্রমাণ করেছেন।’
নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের মাওলানা আব্দুস সুবহানের মতো উদারতা ও সাহসিকতা অর্জন করতে হবে। জাতির স্বার্থে দল-মত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ। ব্যক্তিগতভাবে কেউ পরাজিত হতে পারে, কিন্তু সবাই ঐক্যবদ্ধ হলে এ জাতি বিজয়ী হবে।’
বক্তব্য শেষে সাবেক এমপি মাওলানা আব্দুস সুবহানের ওপর রচিত ‘মাওলানা আব্দুস সুবহান, তৃণমূল থেকে শীর্ষে’ বইয়ের মোড়ক উন্মোচন করেন জামায়াত আমির। বইটির লেখক আলী আহমাদ মাবরুর। তিনিসহ অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাঈদী ফাউন্ডেশনের চেয়ারম্যান শামীম সাঈদী, জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখার আমির সেলিম উদ্দিন, বিএনপি চেয়ারপারসনের সাবেক বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস, ব্যারিস্টার নাজিব মোমেন প্রমুখ।