উত্তর কোরিয়ার নতুন রণতরীর পরীক্ষামূলক অস্ত্র চালনা

উত্তর কোরিয়া তাদের নতুন রণতরীর প্রথম অস্ত্র চালনা পরীক্ষা সম্পন্ন করেছে। গতকাল বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ’র বরাতে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, সর্বোচ্চ নেতা কিম জং উন এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের উপস্থিতিতে ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী এবং ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ চালানো হয়। কিমকে উদ্ধৃত করে প্রতিবেদনে আরও বলা হয়, জাতীয় নিরাপত্তা এবং সাগরের সার্বভৌমত্ব রক্ষায় উত্তর কোরীয় নৌবাহিনীর এখন দায়িত্ব হলো পারমাণবিক অস্ত্রভাণ্ডার দ্রুত সমৃদ্ধ করা। এদিকে দক্ষিণ কোরীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, পিয়ংইয়ংয়ের জাহাজ নির্মাণ সক্ষমতা প্রথম থেকেই গভীরভাবে পর্যবেক্ষণ করছে ওয়াশিংটন এবং সিউল। অবশ্য উত্তর কোরিয়ার নতুন যুদ্ধজাহাজ চোয়ে হিউন ক্লাস সাগরে নামার জন্য এখনো প্রস্তুত নয় বলেই মনে করছে উত্তর কোরিয়া পর্যবেক্ষণকারী চিন্তক সংস্থা ‘৩৮ নর্থ’।