চট্টগ্রাম নগরে রাহাত খান (১২) নামে এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে চান্দগাঁও থানার হামিদচর এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
রাহাত খান নগরের চান্দগাঁও সানোয়ারা বালক উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন জুনিয়র ক্রিকেট দলের সদস্যও বলে জানা গেছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার সকালে রাহাত স্কুলে গিয়েছিল। কিন্তু ছুটির পর বন্ধুদের সঙ্গে বেরিয়ে আর বাসায় ফেরেনি।
পরিবারের অভিযোগ, মাসখানেক আগে বন্ধুদের সঙ্গে ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া হয়। পরে তার মা গিয়ে বিষয়টি মীমাংসাও করে দিয়েছিলেন। এ ঘটনার জের ধরে রাহাতকে ১৩/১৪ জন সহপাঠী মিলে খুন করেছে। গতকাল রাহাতকে বেড়ানোর কথা বলে হামিদচরে নিয়ে যাওয়া হয়। সেখানে পরিকল্পিতভাবে তাকে হত্যা করে তারা। রাতভর খোঁজার পর সকালে তার নিথর দেহ উদ্ধার করে পুলিশ।
চান্দগাঁও থানার ওসি (তদন্ত) তানভীর আহমেদ বলেন, ‘সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হয়েছে। কীভাবে মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে জানা যাবে। পরিবার এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি। বিষয়টা তদন্তাধীন, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’