প্রতি বছর লাখো মুসলিমের মিলনমেলা ঘটে পবিত্র হজে। আল্লাহর সন্তুষ্টি অর্জনের প্রত্যাশায় বিশ্বের নানা প্রান্ত থেকে আসা এই হজযাত্রীদের পরিচয় নিশ্চিতকরণ, নিরাপত্তা বিধান ও সার্বিক সেবা ব্যবস্থাকে আরও উন্নত করার লক্ষ্যে সৌদি সরকার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তারই অংশ হিসেবে চালু করা হয়েছে নতুন স্মার্ট ‘নুসুক কার্ড’। প্রযুক্তির আশীর্বাদস্বরূপ এই কার্ড শুধু হাজিদের পরিচয় বহন করবে না, বরং দিকনির্দেশনা, জরুরি সহায়তা এবং নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ সহচর হিসেবে কাজ করবে। মক্কায় প্রবেশের পর থেকে শুরু করে হজ শেষ হওয়া পর্যন্ত নুসুক কার্ড সর্বদা সঙ্গে বহন করার কথা বলা হয়েছে। এ কার্ড একজন হাজির পরিচয়, তাই অনাকাক্সিক্ষত যেকোনো ঘটনা ও মুহূর্ত এড়াতে নুসুক কার্ড সঙ্গে রাখতে হবে। অন্যথায় পড়তে হবে বিপদে।
নুসুক কার্ডের মাধ্যমে হাজিরা তাদের আবাসনস্থলের তথ্য, সেবাদাতা সংস্থার যোগাযোগসূত্রসহ গুরুত্বপূর্ণ বিবরণ হাতের নাগালে পাবেন, যা হারিয়ে যাওয়া বা সমস্যায় পড়লে দ্রুত সহায়তা পাওয়ার পথ সুগম করবে। সেই সঙ্গে এই কার্ড হাজিদের হারিয়ে যাওয়া রোধে, জালিয়াতি ঠেকাতে এবং সার্বিক হজ ব্যবস্থাপনায় গতিশীলতা আনতে সহায়তা করবে। তাই এ বছর মক্কায় প্রবেশের পর থেকে হজের সমাপ্তি পর্যন্ত নুসুক কার্ড সর্বক্ষণ সঙ্গে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। হাজিদের জন্য এটি শুধু একটি পরিচয়পত্র নয়, বরং নিরাপদ ও নির্বিঘœ হজযাত্রার একটি অপরিহার্য অংশ।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বছর হজের জন্য নতুন স্মার্ট ‘নুসুক কার্ড’ বিতরণ শুরু করেছে। এই কার্ড হাজিদের পরিচয় নিশ্চিত করার পাশাপাশি দিকনির্দেশনা প্রদান এবং মাঠপর্যায়ে উন্নতমানের সেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নুসুক কার্ডের অনেকগুলো সুবিধা রয়েছে। এর কয়েকটি হলো, উচ্চ নিরাপত্তা ব্যবস্থা, জালিয়াতিরোধে সহায়ক। হারিয়ে যাওয়া হাজিদের দ্রুত শনাক্তকরণ সহজ করবে। আবাসন ও অবস্থানের তথ্য সংরক্ষণ করবে। দিকনির্দেশনা সহজ হবে ও হারিয়ে যাওয়ার ঘটনা কমবে। নুসুক কার্ডে যেসব তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে, সেগুলো হলো হাজির থাকার আবাসনস্থলের ঠিকানা। সৌদি আরবে সেবাদাতা কোম্পানির বিস্তারিত তথ্য। জরুরি যোগাযোগের মাধ্যম। বিদেশি হাজিরা সৌদি আরবে পৌঁছে সেবাদাতা কোম্পানির মাধ্যমে নুসুক কার্ড সংগ্রহ করবেন। সেক্ষেত্রে সৌদি মুয়াল্লিম কর্র্তৃপক্ষ বাংলাদেশি হজ এজেন্সি কর্র্তৃপক্ষের কাছে হাজিদের কার্ড পৌঁছে দেবে। কার্ড সংগ্রহের জন্য হাজিদের কোথাও যেতে হবে না।
আর সৌদি আরবের অভ্যন্তরীণ হাজিরা হজ মৌসুম শুরুর আগে সেবাদাতা কোম্পানির নির্ধারিত পয়েন্ট থেকে সংগ্রহ করতে পারবেন।
‘নুসুক’ স্মার্ট কার্ডের মাধ্যমে বিভিন্ন সেবাদাতা কর্র্তৃপক্ষ সম্পর্কে মূল্যায়ন এবং অভিযোগ-অনুযোগ ও মন্তব্য পেশ করা যাবে। এর ফলে এ কার্ড হজযাত্রীদের সেবাপ্রাপ্তি সহজ করে তুলবে।