সৌদির কাছে ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন যুক্তরাষ্ট্রের

সৌদি আরবের কাছে ৩৫০ কোটি ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফরের আগে শুক্রবার এ-সংক্রান্ত একটি চুক্তির অনুমোদন দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুযায়ী, ক্ষেপণাস্ত্র সরবরাহ-সংক্রান্ত এই চুক্তির কথা কংগ্রেসে জানানো হয়েছে। এই ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে থাকবে মধ্যপাল্লার ১ হাজার ‘এআইএম-১২০’ ক্ষেপণাস্ত্র। আকাশে থাকা লক্ষ্যবস্তু ধ্বংস করার জন্য কোনো আকাশযান থেকে (এয়ার টু এয়ার) এই ক্ষেপণাস্ত্রগুলো ছোড়া যায়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৩ থেকে ১৬ মে সৌদি আরব, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সফর করবেন। ট্রাম্প প্রশাসন শুরু থেকেই সৌদির সঙ্গে বড় ধরনের বাণিজ্যিক চুক্তির বিষয়ে আগ্রহ প্রকাশ করে আসছিল। পাশাপাশি, ইউক্রেনসংকট সমাধানে রিয়াদ এখন একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মধ্যস্থতাকারী হিসেবেও ভূমিকা রাখছে। এর আগে নিজের প্রথম মেয়াদেও সৌদি আরবের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে নজর ছিল ট্রাম্পের।