না.গঞ্জে খাদ্য উপদেষ্টা

টিসিবির ভুয়া কার্ড বাতিল করে কৃষকদের দেওয়া হবে

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক কোটি সুবিধাভোগীর পরিবারের তালিকায় যেসব ভুয়া কার্ড রয়েছে, সেগুলো বাতিল করে কৃষকদের নতুন স্মার্টকার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, টিসিবির অনেক ভুয়া কার্ড ছিল। এগুলো বাতিল করে নতুন স্মার্টকার্ড দেওয়া হবে।

গতকাল শনিবার নারায়ণগঞ্জের বন্দরে নির্মাণাধীন সাইলো ও নতুন খাদ্যগুদাম নির্মাণকাজের অগ্রগতি পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার এসব কথা জানান।

আলী ইমাম মজুমদার বলেন, ‘আমরা যদি মজুদ বাড়াতে পারি, তাহলে চালের দাম যেমন কমবে, তেমনি গমের দামও কমবে। বর্তমানে চালের দাম কমে গেছে। তবে চালের দাম একবারে কমে গেলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হবেন। সেটাও বিবেচনায় রাখতে হবে। কারণ, কৃষকরা ন্যায্য দাম পেলে তারা শস্য উৎপাদনে আরও উৎসাহী হবেন। দেশে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে এবং কৃষক কোনো সমস্যা ছাড়াই উৎপাদিত ফসল ঘরে তুলতে পারছেন। হাওর অঞ্চলের ধান কয়েক দিনের মধ্যে কাটা শেষ হবে। ঠিকঠাকভাবে বোরোর মজুদ করতে পারলে খাদ্যবান্ধব কর্মসূচি ওএমএস, টিসিবির পরিমাণ আরও বাড়ানো যাবে।’

খাদ্য উপদেষ্টা বলেন, ‘দেশে বর্তমানে গমের চাহিদা ৭০ লাখ টন। দেশে উৎপাদন হয় মাত্র ১০ লাখ টন। বাকি ৬০ লাখ টনের বেশিরভাগ আমদানি হয় বেসরকারিভাবে। এ ছাড়া মিলগুলোয় মোটা চাল কেটে চিকন করার বিষয়টি তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘৩২০ কোটি টাকায় নির্মিত ৪৮ হাজার টন ধারণক্ষমতাসম্পন্ন অত্যাধুনিক নারায়ণগঞ্জের সাইলো গুদামের নির্মাণকাজ শেষের পথে। আরও কিছু সাইলো গুদামের নির্মাণকাজও শেষের পথে। সরকার দেশের মানুষের খাদ্য নিরাপত্তার জন্য খাদ্য মজুদের সক্ষমতা ৩০ লাখ টনে উন্নীত করতে চায়। বর্তমানে খাদ্য মজুদের সক্ষমতা কমবেশি ২২ লাখ টন।’