দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে এপ্রিল মাসে। গত মাসে ২ দশমিক ৭৫ বিলিয়ন বা ২৭৫ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩৩ হাজার ৫৫০ কোটি টাকার বেশি। প্রতিদিন রেমিট্যান্সে এসেছে ৯ কোটি ডলারের বেশি। গতকাল রবিবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।
এর আগে বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ রেমিট্যান্স এসেছিল গত মার্চ মাসে। মার্চে রেমিট্যান্স এসেছে ৩.২৯ বিলিয়ন (৩২৯ কোটি ডলার) ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ছিল ৪০ হাজার ১৩৮ কোটি টাকা। প্রতিদিন এসেছে প্রায় ১০.৬১ কোটি ডলার বা ১ হাজার ২৯৫ কোটি টাকা।
তথ্য বলছে, গত বছর এপ্রিল মাসে রেমিট্যান্স এসেছিল ২৪৫ কোটি ডলার। গত বছরের একই সময়ের চেয়ে সদ্য বিদায়ী এপ্রিলে ৩০ কোটি ডলার বেশি এসেছে। চলতি ২০২৪-২৫ অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রেমিট্যান্স এসেছে ২ হাজার ৪৫৩ কোটি ডলার। গত অর্থবছরের একই সময়ে এসেছিল ২ হাজার ৪৪ কোটি ডলার। এবার গত অর্থবছরে একই সময়ের চেয়ে ৪০৯ কোটি ডলার বেশি এসেছে।
এর আগে গত ডিসেম্বরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ২ দশমিক ৬৪ বিলিয়ন ডলারের রেমিট্যান্স এসেছিল। সে রেকর্ড ভাঙে গত মার্চ মাসে। অর্থবছরের দ্বিতীয় মাস আগস্ট থেকে টানা ৯ মাস ধরে রেমিট্যান্স দুই বিলিয়ন ডলার অতিক্রম করছে।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ১৯১ কোটি ৩৭ লাখ ৭০ হাজার ডলার রেমিট্যান্স আসে। এর পরের মাস আগস্টে এসেছিল ২২২ কোটি ১৩ লাখ ২০ হাজার মার্কিন ডলার, সেপ্টেম্বরে এসেছে ২৪০ কোটি ৪১ লাখ, অক্টোবরে এসেছে ২৩৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, নভেম্বর মাসে এসেছে ২২০ কোটি ডলার, ডিসেম্বরে এসেছে ২৬৪ কোটি ডলার, জানুয়ারিতে ২১৯ কোটি ডলার এবং ফেব্রুয়ারিতে ২৫৩ কোটি ডলার ও মার্চে মার্চে ৩২৯ কোটি ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। আর এপ্রিলে এলো ২৭৫ কোটি ডলারের প্রবাস-আয়, যা দেশের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের এপ্রিল পর্যন্ত ১০ মাসে প্রবাসীরা মোট ২ হাজার ৪৫৪ কোটি ডলার দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৯১২ কোটি ডলার। এ হিসাব অনুযায়ী ১০ মাসে রেমিট্যান্স বেশি এসেছে ৫৪২ কোটি ডলার।
ব্যাংকাররা জানান, রেমিট্যান্স ও রপ্তানিতে ভালো প্রবৃদ্ধির কারণে এখন ডলার নিয়ে হাহাকার নেই। বিগত সরকারের সময়ে সর্বোচ্চ ১২৭ টাকায় উঠে যাওয়া ডলার অনেক দিন ধরে ১২২ টাকায় স্থিতিশীল রয়েছে। এ কারণে আমদানি, ভ্রমণসহ বিভিন্ন বিষয়ে বিধিনিষেধ তুলে নিয়েছে সরকার। আগের বছরের একই সময়ের তুলনায় বিদেশি বিনিয়োগ কমেছে। সরকার পরিবর্তনের পর থেকে আইএমএফের ঋণের কোনো কিস্তি আসেনি। এরপরও রিজার্ভ বাড়ছে।
দেশে দীর্ঘদিন ধরেই উত্থান-পতনের মধ্য দিয়ে যাচ্ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। তবে এবার তা ২৭ বিলিয়ন ছাড়িয়েছে। দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সঙ্গে রিজার্ভের পরিমাণ বাড়তে থাকে। প্রবাস-আয়ের ইতিবাচক ধারায় রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।
গত ৩০ এপ্রিল পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ২৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের রিজার্ভ রয়েছে ২২ দশমিক শূন্য ৫ বিলিয়ন ডলার।
২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ২১ বিলিয়নে নেমে যায় বিপিএম-৬ রিজার্ভ। এরপর ধারাবাহিকভাবে কমে ১৮ বিলিয়নে নামে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অর্থ পাচার কমে যাওয়ায় রিজার্ভ বাড়তে শুরু করে। ধীরগতিতে বেড়ে ১৯ মাস পর ২২ বিলিয়ন ডলার (বিপিএম-৬) অতিক্রম করেছে রিজার্ভ। আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে রিজার্ভ ২৭ বিলিয়ন ডলার ছাড়িয়েছে।