সামিট গ্রুপের কর্ণধার মোহাম্মদ আজিজ খান, তার পরিবারের সদস্য ও স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে লুক্সেমবার্গে থাকা শেয়ার অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। গতকাল রবিবার দুর্নীতি দমন কমিশন-দুদকের উপপরিচালক আলমগীর হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন এ আদেশ দেন। দুদকের আবেদনে বলা হয়, ঘুষ, দুর্নীতি ও অপরাধমূলক প্রক্রিয়ার মাধ্যমে সামিট গ্রুপ এবং তার সহযোগীদের বিরুদ্ধে ‘অবৈধ’ সম্পদ অর্জনের অনুসন্ধানে তথ্য অনুযায়ী লুক্সেমবার্গে আজিজ খান ও তার পরিবারের ৪১ লাখ ১৫ হাজার ৪১২ ইউরো দামের শেয়ার রয়েছে। এ শেয়ারের প্রতিটির দাম ৯১ ইউরো। সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের এ সম্পদ অবরুদ্ধ করা প্রয়োজন। গত ৯ মার্চ সামিট গ্রুপের ১৯১টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করা হয়, এসব হিসাবে ৪১ কোটি ৭৪ লাখ ৭৬০ টাকা রয়েছে এবং গত ১১ মার্চ তাদের ৫৪ কাঠা জমি জব্দ করা হয়। যার বাজার মূল্য ৯ কোটি ৭০ লাখ ৫০ হাজার টাকা। সব আদেশ একই আদালত থেকে করা হয়। গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ফারুক খানের ভাই সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান।