টাঙ্গাইলের মির্জাপুরে বাড়ির কাজ না দেয়ায় ৩য় শ্রেণীর এক শিক্ষার্থীকে নির্মমভাবে পেটানোর অভিযোগ উঠেছে তার গৃহ শিক্ষিকার বিরুদ্ধে। গৃহ শিক্ষিকার বেত্রাঘাতে শারাফী নামের ওই শিক্ষার্থী হাতে ও মাথায় জখমপ্রাপ্ত হয়েছেন। এ ঘটনায় মঙ্গলবার (৬ মে) এপ্রিল রাতে সরস্বতী নামক ওই গৃহশিক্ষিকার বিরুদ্ধে মির্জাপুর থানায় অভিযোগ দিয়েছেন শিশুটির মামা নাজিম উদ্দিন সাগর।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আগধল্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণীর ছাত্র সারাফীর পরিবার মির্জাপুর পৌরসভাধীন বাইমহাটী এলাকায় ভাড়া বাসায় থাকেন। ওই এলাকার সরস্বতী পাল নামক একজন গৃহশিক্ষিকার কাছে প্রাইভেট পড়েন শারাফী।
প্রতিদিনের মতো গত ৫ মে সকালে সরস্বতী পালের কাছে প্রাইভেট পড়তে গেলে গণিত বিষয়ে নির্ধারিত বাড়ির কাজ না দেয়ায় ছাত্রকে বেত দিয়ে বেধড়ক পেটান ওই শিক্ষিকা। বেত্রাঘাতে শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করানো হয়।
অভিযুক্ত গৃহশিক্ষিকা সরস্বতী পাল বলেন, আগের দিনের খাতার বাড়ির কাজ পরের দিন দেখায় শারাফী। আমার হঠাৎ রাগ উঠায় কয়েকটি বেতের বাড়ি দিয়েছি। পরে ওর মার কাছে গিয়ে ক্ষমাও চেয়েছি।
মির্জাপুর থানার ভারপ্রাপ্ত (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম জানান, এরকম একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।