তিন পুলিশ কর্মকর্তাকে  জিজ্ঞাসাবাদের অনুমতি

আট বছরের বেশি সময় আগে রাজধানীর কল্যাণপুরের জাহাজ বাড়িতে জঙ্গি নাম দিয়ে ৯ তরুণকে হত্যার অভিযোগে মানবতাববিরোধী অপরাধের মামলায় পুলিশের সাবেক তিন শীর্ষ কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। প্রসিকিউশনের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে গঠিত ট্রাইব্যুনাল এ আদেশ দেয়।

ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী, পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) একেএম শহিদুল হককে ২৫ মে, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে ২৭ মে এবং ডিএমপির মিরপুর বিভাগের সাবেক উপ-কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাকে ২৯ মে জিজ্ঞাসাবাদ করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা।

গতকাল এ মামলায় পুলিশের সাবেক এই তিন কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ২৪ মার্চ তিনজনকে হাজির করা হলে জাহাজ বাড়িতে হত্যার অভিযোগের মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল। একই সঙ্গে তদন্ত প্রতিবেদন দাখিল ও পরবর্তী শুনানির জন্য ৭ মে (গতকাল) দিন ধার্য করে আদালত। এর ধারাবাহিকতায় বিষয়টি শুনানিতে আসে। গতকাল আদালত এ তিনজনের বিরুদ্ধে আগামী ১৪ জুলাই তদন্ত প্রতিবেদন দাখিল করতে নির্দেশ দেয়।

প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে এবং ভয়ের সংস্কৃতি তৈরি করতে ইসলামীক ভাবধারার ৯ জন তরুণকে আগেই গ্রেপ্তার করে ওই জাহাজ বাড়িতে আনা হয়। এরপর জঙ্গি অভিযানের নামে ২০১৬ সালের ২৫ জুলাই এই তরুণদের হত্যা করা হয়। হত্যার পর তারা জঙ্গি বলে পরিবার লাশ নিচ্ছে না বলেও অপপ্রচার করা হয়।

গতকাল শুনানি শেষে প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম সাংবাদিকদের বলেন, আজকে ট্রাইব্যুনালে এ তিনজনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তদন্ত সংস্থার পক্ষ থেকে দুই মাস সময় চাওয়া হয়েছে। ট্রাইব্যুনাল সময় মঞ্জুর করেছেন। এ ছাড়া তাদের জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছিল। সেই আবেদনও মঞ্জুর হয়েছে।