বিশ্বকবির জন্মবার্ষিকী আজ

বাংলাভাষা ও সাহিত্যের কালজয়ী রূপকার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী আজ। ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ (১৮৬১ সাল) কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মের দেড়শ বছরের বেশি সময় পেরিয়ে গেলেও বাংলা সাহিত্য, বাঙালির জীবন ও মানসে তার উপস্থিতি এখনো দেদীপ্যমান। তিনি তার বহুমাত্রিক সৃজনকর্ম ছড়িয়ে দিয়েছেন বাংলা সাহিত্যে। তার রচনায় মানুষের আবেগ, অনুভূতি, আকাক্সক্ষা, অভিব্যক্তির প্রকাশ অতুলনীয়। যেকোনো সমস্যা সংকটে, স্বস্তিতে আনন্দে দুঃখে বেদনায় তার গান, কবিতা সাহস ও প্রেরণা জোগায়। বাংলাদেশের জাতীয় সংগীত ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’ তারই অজর কবিতা । বাংলাদেশের মুক্তিযুদ্ধে তার অনেক কবিতা ও গান ছিল দেশপ্রেমের সীমাহীন জয়স্তোত্র। ১৯১৩ সালে সাহিত্যে তার নোবেল পুরস্কারপ্রাপ্তি বাংলা ভাষাভাষীদের জন্য বয়ে এনেছিল অনন্য গৌরব। বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে এ বছর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘রবীন্দ্রনাথ ও বাংলাদেশ’।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে বাণী দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, ‘বাংলা সাহিত্যের অবিসংবাদিত প্রাণপুরুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে তার অম্লান স্মৃতির প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাই। তার আত্মার শান্তি কামনা করি। আমাদের জাতীয় জীবনের সব ক্ষেত্রে বিশ্বকবির অবদান নিঃসন্দেহে অনস্বীকার্য। তার অনন্য সৃষ্টিকর্মে গভীর জীবনবোধ এবং সৃষ্টিকর্তার প্রতি আত্মনিবেদন মানুষের হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করে। তার রচিত গান আমাদের জাতীয় সংগীত হিসেবে পেয়ে আমরা গর্বিত।’

এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় পর্যায়ে আজ থেকে তিন দিনব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে। কুষ্টিয়ার শিলাইদহ রবীন্দ্র কুঠিবাড়িতে সবার জন্য উন্মুক্ত অনুষ্ঠান আজ ২৫ বৈশাখ শুরু হয়ে ২৭ বৈশাখ (৮, ৯, ও ১০ মে) পর্যন্ত চলবে। সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজনে ও শিল্পকলা একাডেমির সহযোগিতায় এবং কুষ্টিয়া জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আজ সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করবেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। এতে সভাপতিত্ব করবেন সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান। বিশেষ অতিথি হিসেবে থাকবেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভিসি ড. নকীব মোহাম্মাদ নসরুল্লাহ। আগামীকাল ৯ মে সন্ধ্যা সাড়ে ৬টায় শিল্পকলা একাডেমির সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠিত হবে ‘আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’ শীর্ষক অনুষ্ঠান। এ ছাড়াও শিল্পকলা একাডেমির আয়োজনে আগামীকাল ৯ মে ৭টি বিভাগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে অনুষ্ঠান আয়োজন করা হবে।