তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, সরকার সংবাদপত্রের মধ্যে ইতিবাচক প্রতিদ্বন্দ্বিতা দেখতে চায়। এখনো সংবাদপত্র শিল্পে বেশকিছু নেতিবাচক চর্চা রয়েছে। এসব নেতিবাচক চর্চা বন্ধ করতে হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
গণমাধ্যমের সংস্কার প্রসঙ্গে তথ্য উপদেষ্টা বলেন, সরকার গণমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়নে ইতিমধ্যে কাজ শুরু করেছে। তিনি গণমাধ্যমে সংস্কার কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবার সহযোগিতা চেয়েছেন।
সভায় নোয়াবের সভাপতি এ কে আজাদ বলেন, গত ১২-১৩ বছরে ছাপা পত্রিকার প্রচার সংখ্যা ও বিজ্ঞাপন বাজার উভয়ই সংকুচিত হয়েছে। সংবাদপত্র সেবা শিল্প হওয়া সত্ত্বেও এর করপোরেট কর ২৭
দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। তিনি সংবাদপত্রের করপোরেট কর ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেন। তিনি আরও বলেন, ওয়েজবোর্ড ঢেলে সাজানো দরকার। তিনি সার্চ কমিটির মাধ্যমে ওয়েজবোর্ড গঠনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন।
মতবিনিময় সভায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, গণমাধ্যম সংস্কার কমিশনের প্রতিবেদন ভালো হয়েছে। তিনি কমিশনের বাস্তবায়নযোগ্য সুপারিশ দ্রুত কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। সংবাদপত্রের ওপর সরকারের চাপ প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকারের দিক থেকে সংবাদপত্রকে ভয় দেখানো হচ্ছে না। সভায় নোয়াবের পক্ষ থেকে স্থায়ী গণমাধ্যম কমিশন গঠনের প্রস্তাব করা হয়।
মতবিনিময় সভায় ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির, দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ ও দৈনিক করতোয়ার সম্পাদক মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।
ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান উপদেষ্টা মাহফুজ : রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ‘ন্যায্য হিস্যা’ চান তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারে ‘প্রায় ৩ ডজন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ছাত্র মাত্র দুজন। ছাত্র প্রতিনিধিদেরও এস্টাবলিশমেন্ট রাষ্ট্রপতি অপসারণের ঘটনার পর থেকে কোণঠাসা করে রেখেছে। আমরা দুজন সর্বোচ্চ ব্যালেন্সিং অ্যাক্ট করতে পারছি, কিন্তু প্রভাবক হিসেবে কাজ করতে হলে সরকারে সুষম ছাত্র প্রতিনিধিত্ব লাগবে।’
গতকাল বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে শেয়ার করা এক পোস্টে মাহফুজ আলম এ দাবি করেন। ‘কৈফিয়ত কিংবা বাস্তবতা’ শিরোনামে এক পোস্টে তিনি এসব বলেন।
মাহফুজ আলম তার স্ট্যাটাসে লিখেছেন, ‘ক্ষমতার ভরকেন্দ্র অনেকগুলো। ফলে কাজের দায় সরকারের, কিন্তু কাজ করে ক্ষমতার অন্যান্য ভরকেন্দ্র। জোড়াতালি দিয়ে গণতান্ত্রিক রূপান্তর সম্ভব নয়, সম্ভব নয় নতুন রাজনৈতিক বন্দোবস্তও। রাজনৈতিক দলগুলো ডিসেম্বরের পর সহযোগী ভূমিকায় নেই। কিন্তু, ঠিকই প্রশাসন, বিচার বিভাগ, পুলিশে তারা স্টেইক নিয়ে বসে আছেন। এস্টাবলিশমেন্ট দ্বিদলীয় বৃত্তে ফিরতে এবং ছাত্রদের মাইনাস করতে প্রতিজ্ঞাবদ্ধ।’
জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্রদের একাধিক দলে বিভক্ত হয়ে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ছাত্রদের কয়েকটি দল হয়ে যাওয়াতে তারা এখন বিভক্ত। তদুপরি অন্য রাজনৈতিক দলের মতোই তারা ট্রিটেড হচ্ছেন। এ জন্য নাগরিক কমিটিই ছিল দীর্ঘ মেয়াদে অভ্যুত্থানের ফোর্স হিসেবে টেকসই। যাই হোক! এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম দেশব্যাপী ছাত্রদের গুছিয়ে উঠতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। অভ্যুত্থানের ছাত্র-জনতা বিভক্ত ও দ্বিধান্বিত। সামরিক-বেসামরিক আমলাতন্ত্র কম্প্রোমাইজড। মিডিয়া ও ব্যবসায়ে লীগের আধিপত্য কমেনি। (আওয়ামী) লীগের রাজনৈতিক অর্থনীতিতে হাত দেওয়া যায়নি। পুরনো দ্বিদলীয় বন্দোবস্ত টিকে গেছে। বিচার বিভাগ এখনো দ্বি-দলীয় বৃত্তে বন্দি।’
তথ্য উপদেষ্টা লিখেছেন, ‘বাম-ডানের কালচারাল (সাংস্কৃতিক) ক্যাচাল জুলাইকে দুর্বল করেছে এবং শাহবাগ-শাপলাকে চিরন্তন করে তুলেছে। ডানপন্থিরা ভুল রাজনীতি করেছেন এবং নতুন বাস্তবতায় আবেগের বশে প্রতিক্রিয়াশীল ভূমিকা রেখেছেন। বামপন্থিরা প্রথম থেকেই সরকারের প্রতি স্কেপ্টিক্যাল (সংশয়পূর্ণ) এবং অভ্যুত্থানের পক্ষে জোরদার ভূমিকা রাখতে অসফল।’ তিনি আরও বলেন, ‘সবচেয়ে ডেডিকেটেড ছাত্রকর্মীরা ক্রেডিট, দলবাজি আর কোরাম বাজির খপ্পরে পড়েছেন। আর্থিক অস্বচ্ছতার অভিযোগ হাতেগোনা কয়েকজনের বিরুদ্ধে, কিন্তু ডিমোরালাইজড হয়েছে সমগ্র ছাত্র-জনতা। ছাত্র-জনতা অভ্যুত্থানের পক্ষের প্রতিষ্ঠানও নতুন সিভিল সোসাইটি গড়তে ব্যর্থ হয়েছে। সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, রাজনৈতিক অর্থনীতি এবং রাজনৈতিক অ্যালায়েন্সের ক্ষেত্রে ছাত্র-জনতার কোনো হিস্যা নেই।’
মাহফুজ আলম আরও বলেন, ‘শহীদ-আহতদের ক্ষেত্রে এবং বিচারের প্রশ্নে সরকারসহ সব অংশীজন অসফল। অভ্যুত্থান শহর ছেড়ে গ্রামাঞ্চলে বিস্তৃত হয়নি। এস্টাবলিশমেন্ট ও রাজনৈতিক দলগুলোর স্বার্থবাদী চিন্তা ও কর্মের সঙ্গে সঙ্গে ছাত্রদের অনভিজ্ঞতা ও দূরদর্শিতার অভাব এ জন্য দায়ী। সর্বোপরি ছাত্রদের মাইনাস করে (ছাত্রদের ব্যর্থতা অনস্বীকার্য বটে) দ্বিদলীয় বন্দোবস্তে ফেরার জন্য এস্টাবলিশমেন্ট অপেক্ষমাণ। ছাত্রদের পরিপূর্ণ অসহযোগিতার মুখে ইতিমধ্যে ফেলে দেওয়া হয়েছে।’
স্ট্যাটাসের শেষ দিকে, মাহফুজ আলম উল্লিখিত সমস্যাগুলোর সমাধান প্রসঙ্গে বলেন, ‘সমাধান? রাষ্ট্র ও এস্টাবলিশমেন্টে ছাত্রদের ন্যায্য হিস্যা নিশ্চিত করা এবং ফ্যাসিবাদী শক্তি ও তার দালালদের বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ হয়ে আঘাত করা। এগুলো পূরণ করার পূর্বশর্ত হলো ছাত্রদের মধ্যে সততা, আদর্শ, নিষ্ঠা ও ঐক্য ফিরিয়ে আনা। পুরনো বন্দোবস্তের সৈনিকদের অকার্যকর করে তোলা।’