মানবিক করিডরের নামে কোনো কিছু জনগণের ওপর চাপিয়ে দেওয়া যাবে না বলে হুঁশিয়ারি করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, এমন কোনো কাজ করবেন না, যা দেশের বিরুদ্ধে, মানুষের বিরুদ্ধে যাবে। সাবেক অ্যাটর্নি জেনারেল, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাবেক সভাপতি প্রয়াত অ্যাডভোকেট এ জে মোহাম্মদ আলীর স্মরণসভায় গতকাল বৃহস্পতিবার প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
স্মরণসভার আয়োজন করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। মির্জা ফখরুল বলেন, ‘এখন দেখা যাচ্ছে তাদের দায়িত্বপ্রাপ্ত যিনি আছেন, (নিরাপত্তা উপদেষ্টা) তিনি অনেক কথা বলছেন। তার মধ্যে বুধবার একটা কথা বলেছেন, যেই থাক মিয়ানমারের পাশে, তার সঙ্গে আমাদের আলোচনা করতে হবে। তো তার সঙ্গে আলোচনা করতে পারেন, দেশের মানুষ-জনগণের সঙ্গে আলোচনা করতে পারেন না।’ তিনি বলেন, ‘আলোচনাটা করেন। আমরা তো দেশের স্বার্থে, স্বাধীনতার স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে,স্বাধীনতা রক্ষার স্বার্থে। আমরা কখনোই তো বাধা নই।’
মির্জা ফখরুল বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারের সাফল্য চাই, এটা বারবার বলছি। আমরাই তাদের বসিয়েছি। কিন্তু এমন কোনো কাজ করবেন না, যা জাতির বিরুদ্ধে যাবে, বাংলাদেশের মানুষের বিরুদ্ধে যাবে। এমন কোনো কাজ করবেন না, যেটা বাংলাদেশের মানুষের জন্য উপযোগী হবে না।’
লন্ডনে চিকিৎসা শেষে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দেশে ফেরা প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া গত পরশু যখন লন্ডন থেকে ফিরে এসেছেন, তখন আমরা আলো দেখতে পেয়েছি। পুরো জাতি আজকে নতুন করে আলো পেয়েছে। এ সময়টাকে কাঁধে নিয়ে আমাদের সামনের দিকে এগোতে হবে।’
অন্তর্বর্তী সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘এখন আপনাদের সংস্কার করতে হবে। আমরা তো সংস্কার চেয়েছি সবসময়। এখন অনেকে বলছে, আগে সংস্কার হবে, তারপর নির্বাচন। তো সংস্কার যে একটা চলমান প্রক্রিয়া। সংস্কার হতে যদি ৫ বছর, ১০ বছর লাগে, তাহলে নির্বাচন ১০ বছরে হবে না। আর ১০ বছর ধরে ফ্যাসিবাদী আমলাদের হাতেই দেশ চলবে। এখন তো আমরা ফ্যাসিবাদী আমলাদের দ্বারাই পরিচালিত হচ্ছি। সেক্রেটারিয়েটের আমলারা ৯০% ফ্যাসিবাদের দোসর।’
সংগঠনের সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও মহাসচিব ব্যারিস্টার কায়সার কামালের সঞ্চালনায় আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ও সালাহউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট আবদুর রেজ্জাক খান, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, প্রয়াত এ জে মোহাম্মদ আলীর সহধর্মিণী ফারজানা আলী প্রমুখ বক্তব্য দেন।