অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে যে জুলাই ঘোষণাপত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে তাতে আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি উল্লেখ থাকতে হবে বলে মন্তব্য করেছেন জুলাই অভ্যুত্থান বিষয়ক সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ‘জুলাই ঐক্য’র অন্যতম সংগঠক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর্যালোচনা, নির্বাচন কমিশনে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতসহ জুলাই বিপ্লবের ঘোষণাপত্র প্রকাশের দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন।
এ সময় মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী রেজিমে ফ্যাসিবাদী কায়দায় কিভাবে হত্যাকাণ্ডগুলো চালানো হয়েছে এবং এতে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা যাতে ন্যায়বিচার পায় তার একটি রূপরেখা দিতে হবে। শাপলা গণহত্যা, পিলখানা হত্যাকাণ্ড এবং ২৪-এর জুলাই এবং আগস্টে যে গণহত্যা হয়েছে তার জন্য আওয়ামী লীগের বিচার কোন প্রক্রিয়ায় হবে তার রূপরেখ আমাদের দেখাতে হবে। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি সরকার আমাদের দাবিগুলো রাখছে না, বরং বিদেশি এজেন্ডা বাস্তবায়নে ব্যতিব্যস্ত হয়ে পড়ছে। সেক্ষেত্রে আমরা প্রয়োজনে রাজপথে নেমে আসতে বাধ্য হবো এবং যেভাবে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের গেজেট দিতে সরকারকে বাধ্য করেছি, প্রয়োজনসাপেক্ষে আমাদের দাবি আদায় আবারও বাধ্য করা হবে।