সাফের ফাইনালে বাংলাদেশ-ভারত মুখোমুখি

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে শুক্রবার (১৬ মে) প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ২-১ গোলে হারায় নেপালকে। অপেক্ষা ছিল বাংলাদেশের প্রতিপক্ষ হবে কোন দল সেটি জানার। রাতে অনুষ্ঠিত অপর সেমিতে স্বাগতিক ভারত ৩-০ গোলে হারিয়েছে মালদ্বীপকে।

ফলে আগামী ১৮ মে সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের ফাইনালে লড়বে বাংলাদেশ ও স্বাগতিক ভারত।

ভারতের অরুণাচল প্রদেশে ইউপিয়ার গোল্ডেন জুবিলি স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনালের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল স্বাগতিকদের। প্রথমার্ধে দুই গোলের লিড পায় ভারত। দ্বিতীয়ার্ধে আরও একটি গোল করে স্বাগিতকরা।

ভারত ম্যাচের ফলাফলের আগেই বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন এর অনুমান ছিল শিরোপার লড়াই ভারতের সঙ্গে হবে। নিজেদের ম্যাচে জয়ের পর তিনি বলেছিলেন, 'সাফ ফুটবলে ভারত অবশ্যই শক্তিশালী প্রতিপক্ষ। ফাইনালে ভারত আসার সম্ভাবনাই বেশি। আমরা ভারতকে মোকাবেলা করতে চাই।'