সোমালিয়ায় সেনা ক্যাম্পের বাইরে আত্মঘাতী বোমা হামলা, নিহত ১০ 

সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে আত্মঘাতী বোমা হামলায় বেশ কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, রবিবার (১৮ মে) দামানিয়ো সেনা ক্যাম্পের বাইরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকা তরুণদের লক্ষ্য করে হামলা চালালে অন্তত ১০ জন নিহত হয়।

সামরিক হাসপাতালের চিকিৎসা কর্মীরা রয়টার্সকে জানিয়েছেন, বিস্ফোরণে আহত ৩০ জনকে তারা পেয়েছেন এবং তাদের মধ্যে ছয়জন তাৎক্ষণিকভাবে মারা গেছেন।

এদিকে এক কর্মকর্তা আনাদোলুকে জানিয়েছেন, হামলায় অন্তত ১১ জন নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে কেউ এর দায় স্বীকার করেনি।

সুলেইমান একজন ক্যাপ্টেন বর্ণনা করে বলেন, ‘আমি রাস্তার অন্য পাশে ছিলাম। একজন দ্রুতগামী টুক-টুক থামল, একজন লোক নেমে দৌড়ে লাইনে দাঁড়াল, তারপর নিজেকে উড়িয়ে দিল। রিক্রুট ও পথচারীসহ ১০ জনকে মৃত অবস্থায় দেখেছি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।’

পরে ঘটনাস্থলে কয়েক ডজন পরিত্যক্ত জুতা এবং আত্মঘাতী বোমা হামলাকারীর দেহাবশেষ দেখা গেছে।