রাজধানীর উত্তরায় এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। রেলওয়ে পুলিশ বলছে, তিনি ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে মারা গেছেন। তবে এ ব্যাপারে সন্দেহ প্রকাশ করেছে পরিবার। মারা যাওয়া পুলিশ সদস্যের নাম কে এম মনসুর আলী (৪০)। তিনি রাজধানীর দক্ষিণখান থানায় উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির এসআই মোহাম্মদ আলী বলেন, শনিবার রাত সাড়ে ৯টার দিকে উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোড এলাকায় ঢাকাগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মনসুর গুরুতর আহত হন। উদ্ধার করে উত্তরার কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পরে গতকাল রবিবার সকালে ওই পুলিশ কর্মকর্তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতর চাচাতো ভাই সাকিবুল ইসলাম বলেন, কাজ শেষে মোটরসাইকেলে করে মনসুরের বাসায় ফেরার কথা। তাদের ধারণা, কেউ মনসুরকে ফোন করে ডেকে নিয়েছিল। উত্তরা ৪ নম্বর সেক্টরের ১০ নম্বর রোডে মোটরসাইকেল রেখে তাকে মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইনের দিকে হেঁটে যেতে দেখা গেছে। তা ছাড়া মনসুরের মাথায় আঘাতের যে চিহ্ন দেখা গেছে, তাতে তাদের সন্দেহ হচ্ছে, ধারালো কিছু দিয়ে তাকে আঘাত করা হয়ে থাকতে পারে।