মসজিদে হারামে বহুভাষিক সেন্টার উদ্বোধন

ইসলামের সবচেয়ে পবিত্রতম স্থান মসজিদে হারামে আগত লাখো মুসল্লি ও দর্শনার্থীর মাঝে ধর্মীয় শিক্ষা, সহনশীলতা ও আধ্যাত্মিক বার্তা ছড়িয়ে দিতে সৌদি আরব একটি বহুভাষিক সেন্টার উদ্বোধন করেছে। সৌদি করিডর, যা মসজিদে হারামের সাম্প্রতিক ‘মাতাফ সম্প্রসারণ’ প্রকল্পের একটি গুরুত্বপূর্ণ অংশ। এই উদ্যোগটি প্রথমবারের মতো চালু করা হলো, যা একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

মসজিদে হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক দপ্তরের তত্ত্বাবধানে এই উদ্যোগ চালু হয়েছে। উদ্দেশ্য হলো, নানা ভাষাভাষী মুসল্লি ও দর্শনার্থীদের জন্য ধর্মীয় ও আত্মিক শিক্ষার সুযোগ সৃষ্টি করা।

এই সেন্টার থেকে অনূদিত কোরআন শরিফ, ইসলামি বই, হজ ও ওমরাহর নির্দেশিকা, ইসলামের মধ্যপন্থার নীতিমালা, বুদ্ধিবৃত্তিক ও আত্মিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়ে নানা ভাষায় প্রস্তুতকৃত লিফলেট বিতরণ করা হচ্ছে।

মসজিদে হারাম ও মসজিদে নববীর ধর্মবিষয়ক প্রধান শায়খ ড. আবদুর রহমান আস-সুদাইস বলেন, ‘সৌদি করিডর শুধু একটি স্থাপত্যিক বিস্ময় নয়, বরং এটি ইসলামের সহনশীলতা, ভারসাম্য ও মধ্যপন্থার মূল্যবোধের প্রতিচ্ছবি। আমরা এই বার্তাটি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে চাই।’

এটি ১৪৪৬ হিজরির হজ মৌসুমে মসজিদে হারামের আঙিনায় চালু হওয়া বহুভাষিক শিক্ষাকেন্দ্রের প্রথম সেন্টার। এটি ধর্মবিষয়ক দপ্তরের পরিচালিত কার্যক্রমের অংশ, যার মাধ্যমে হজযাত্রার সংস্কৃতি, আধ্যাত্মিকতা ও শিক্ষামূলক দিকগুলো আরও সমৃদ্ধ করা হবে।

মসজিদে হারামের সৌদি করিডরে বহুভাষিক শিক্ষাকেন্দ্রের উদ্বোধন নিঃসন্দেহে একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা ইসলামি শিক্ষার বিশ্বায়নে নতুন দিগন্ত উন্মোচন করেছে। হজ মৌসুমে এটি মুসল্লিদের আত্মিক উন্নয়ন ও বুদ্ধিবৃত্তিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইসলামের সহনশীলতা ও মধ্যপন্থার বার্তা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে কার্যকর ভূমিকা রাখবে।

সূত্র : গালফ নিউজ