যশোরে ঘরের ভেতরে বোমা বিস্ফোরণে শিশু দুই ভাই-বোন হতাহত হয়েছে। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে শহরের শংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত খাদিজাতুল কুবরা (৫) ও আহত সজিব আহমেদ (৭) শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার মৃত সুজন হোসেনের সন্তান।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, ঘরের ভেতরে বোমা বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে এসেছেন। আহত ভাই বোনকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসক তাদের ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় যাওয়ার পথে নড়াইলে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মা সুমি খাতুন। হতাহতদের মা সুমি খাতুন জানান, যশোর জেনারেল হাসপাতালের চিকিৎসক খাদিজা ও সজিবকে ঢাকায় স্থানান্তর করেন। ঢাকায় নেওয়ার পথে নড়াইলে খাদিজার মৃত্যু হয়েছে।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল হোসেন জানান, পরিবারের সদস্যরা বলছেন বোমাটি তাদের ছেলে সজিব বাইরে কুড়িয়ে পায়। তদন্ত করা হচ্ছে আসলে ঘরে ছিল, না বাইরে থেকে শিশুরা নিয়ে এসেছে।
প্রতিবেশী আক্তারুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে হঠাৎ বোমার শব্দ শুনে শাহাদতের বাসায় যান। সেখানে শিশু তিন ভাই-বোনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তখন দ্রুত তাদের নিয়ে যান।
তিনি আরও জানান, সকালে সবুজ বাড়ির পাশের মাঠে খেলা করছিল। বাড়ি আসার পথে একটি টেপ জড়ানো কৌটা কুড়িয়ে পায়। সে সেটি তুলে বাসায় এনে দুই বোনের সঙ্গে বল হিসেবে খেলা করছিল। এ সময় সেটি বিস্ফোরিত হয়। যশোর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম রঞ্জু জানান, বিস্ফোরিত বোমার আঘাতে খাদিজার পেটের নাড়িভুঁড়ি ছিন্নভিন্ন হয়ে যায় এবং সজিবের একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটি কেটে ফেলা হয়। তাদের অবস্থার অবনতি হওয়ায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।