শাহাদাত মেয়র হতে পারলে ইশরাকের কী দোষ : রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বয়স অনেক কম। হঠাৎ গুরুতর রাষ্ট্রীয় দায়িত্ব পেয়ে গেছেন। এজন্য তার কথাবার্তায় ভারসাম্যহীনতা রয়েছে। গতকাল মঙ্গলবার খিলক্ষেতে জুলাই গণঅভ্যুত্থানে আহত রাকিবুল হাসানকে দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রিজভী অভিযোগ করে বলেন, ‘আদালতের রায় ঘোষণার পরও প্রকৌশলী ইশরাক হোসেনকে শপথ নিতে দেওয়া হচ্ছে না। এখানে অন্তর্র্বর্তী সরকার গায়ের জোর খাটাচ্ছে। চট্টগ্রামে ডা. শাহাদাত মেয়র হতে পারলে ইশরাক কী দোষ করল? অর্থাৎ সরকার গায়ের জোরে ইশরাককে মেয়র হতে দিচ্ছে না।’

তিনি আরও বলেন, ’২৪-এর গণঅভ্যুত্থানের প্রকৃত অপরাধীদের এখনো বিচারের মুখোমুখি করা হয়নি। কাজের চাইতে অকাজ বেশি করছে অন্তর্র্বর্তী সরকার।’

সম্প্রতি আন্দোলনে পুলিশের ভূমিকা নিয়ে রিজভী বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যখন আবাসনের দাবিতে যমুনার সামনে যান, তখন তাদের অসম্মান করা হয়, পুলিশকে লেলিয়ে দেওয়া হয়। অথচ শেখ হাসিনাও পুলিশ দিয়ে নির্যাতন করতেন।’

‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক সাংবাদিক আতিকুর রহমান রুমনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, মো. আবুল কাশেম, ইঞ্জিনিয়ার মোস্তফা-ই-জামান সেলিম, ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন, সদস্য মাসুদ রানা লিটন, মুস্তাকিম বিল্লাহ, ফরহাদ আলী সজীব, শাহাদত হোসেন।

এ সময় আহত রাকিবুল হাসানের শরীরের খোঁজ নেন ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদলটি। রাকিবুলের মায়ের সঙ্গেও কথা বলেন তারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শুভেচ্ছা ও সহমর্মিতার বার্তা পৌঁছে দেওয়া হয় এবং যেকোনো প্রয়োজনে রাকিবুল হাসানের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন নেতারা। সাক্ষাৎ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি ডা. জাহিদ হোসেন, ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি হাবিবুল বাশার, যুগ্ম-সম্পাদক হাসনাইন নাহিয়ান সজীব, ছাত্রদল নেতা মশিউর রহমান মহান, আব্দুল্লাহ আল মিসবাহ) সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতারা।

গত ১৮ জুলাই ফ্যাসিস্ট হাসিনার সরকারের বিরুদ্ধে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ঢাকার ইসিবি চত্বরে আন্দোলনে অংশ নিয়ে ছাত্রলীগ ও পুলিশের আক্রমণে আহত হন স্বেচ্ছাসেবক দল কর্মী ও ইলেক্ট্রেশিয়ান রাকিবুল হাসান।