সিরিয়ার ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নিতে সম্মত হয়েছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)। মঙ্গলবার ইইউর পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস জানিয়েছেন, সদর দপ্তর ব্রাসেলসে ব্লকভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘একটি নতুন, অন্তর্ভুক্তিমূলক ও শান্তিপূর্ণ সিরিয়া পুনর্নির্মাণে আমরা সিরিয়ার জনগণকে সাহায্য করতে চাই।’
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি সিরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার নির্দেশ দেবেন। কাল্লাস বলেছেন, ইইউ গত ১৪ বছর (গৃহযুদ্ধকালীন) ধরে সব সময় সিরীয়দের পাশে দাঁড়িয়েছে আর তা অব্যাহত রাখবে। অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিলেও দেশটির সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ ও তার সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানিয়েছে ইইউ। এর পাশাপাশি অভ্যন্তরীণ দমনের জন্য ব্যবহার করা হতে পারে এমন প্রযুক্তি ও অস্ত্রসহ নিরাপত্তার ক্ষেত্রভিত্তিক নিষেধাজ্ঞাগুলোও বজায় থাকবে।