চেয়ারম্যান অপসারণসহ চার দাবি কর্মকর্তাদের

অর্থ উপদেষ্টার আহ্বানে সাড়া দিয়ে কর্মসূচি সাময়িক স্থগিত করে গত মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টার সঙ্গে বৈঠক করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধিদল। এ বৈঠকের শুরুতে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ সাত মিনিটের বেশি সময় দেবেন না বলে জানান। আর বৈঠকটি ফলপ্রসূ না হওয়ায় বৈঠক থেকে এনবিআরে ফিরে আন্দোলনের ঘোষণা দেন কর্মকর্তারা। এনবিআর দুই ভাগ করার অধ্যাদেশ জারির শুরু থেকেই এনবিআর চেয়ারম্যানের লুকোচুরি এবং প্রকৃত তথ্য সরকারের ঊর্ধ্বতন মহলের কাছে গোপন করার অভিযোগে গতকাল বুধবার এনবিআর চেয়ারম্যানের অপসারণসহ চার দফা দাবি জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। মঙ্গলবারের বৈঠক ফলপ্রসূ না হওয়ায় আগামী ২৪ মে থেকে পূর্ণাঙ্গ কর্মবিরতির ডাক দিয়েছেন আন্দোলনকারীরা। একই সঙ্গে আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করবেন।

গতকাল এনবিআর সংস্কার ঐক্য পরিষদ আগারগাঁওয়ে রাজস্ব ভবনে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচির ঘোষণা দেয়। এ সময় ঐক্য পরিষদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার, উপ-কর কমিশনার মোস্তাফিজুর রহমান এবং কাস্টমসের উপকমিশনার শাহাদাত জামিল। অতিরিক্ত কর কমিশনার হাসিনা আক্তার বলেন, গত মঙ্গলবার অর্থ উপদেষ্টা বৈঠকের শুরুতেই বলেন, আমি মিটিং দীর্ঘ করব না। কর থেকে একজন, কাস্টমস থেকে একজন এবং সংস্কারবিষয়ক পরামর্শক কমিটি থেকে যেকোনো তিনজন কথা বলতে পারবেন। আমি ৬ থেকে ৭ মিনিটের বেশি সময় দেব না। কেবিনেট সচিব এবং জনপ্রশাসন সচিবের সঙ্গে আরেকটি মিটিং আছে। এ সময়ের মধ্যে মিটিং শেষ করতে সময় গণনার জন্য কে থাকবেন সেটিও জিজ্ঞাসা করেন তিনি। অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠকে ঐক্য পরিষদের ১৩ জন প্রতিনিধির মধ্যে মাত্র দুজন প্রতিনিধি বক্তব্য রাখার সুযোগ পান বলে জানা গেছে। তারা এনবিআরকে অক্ষুণœ রেখে এটিকে আরও শক্তিশালী, আধুনিক ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করার যুক্তিতর্ক তুলে ধরেন।

সভায় অর্থ উপষ্টো জানান, বাস্তবায়ন পর্যায়ে ঐক্য পরিষদের উদ্বেগগুলো আমলে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু মিটিং শেষে অর্থ উপদেষ্টা সংবাদমাধ্যমে বলেছেন, দেশের স্বার্থে, ব্যবসায়ীদের স্বার্থে যে অধ্যাদেশ অনুমোদন হয়েছে, তা থাকবে। ঐক্য পরিষদের পরামর্শগুলো উপদেষ্টা পরিষদের সঙ্গে আলোচনা করে বিধি বা অন্য কিছুর মাধ্যমে সমাধানে চেষ্টা করা হবে। এ বিষয়ে আর কোনো আলোচনা হবে না বলেও তিনি জানিয়েছেন। ঐক্য পরিষদের আন্দোলন চলবে কি চলবে না, সে বিষয়ে কিছু আসে যায় না।

এনবিআরের আন্দোলনরত কর্মকর্তারা বলেন, সরকারের নীতি-নির্ধারকদের এমন বক্তব্য আমাদের মারাত্মকভাবে আহত করেছে। এ অতিরিক্ত কর কমিশনার বলেন, একটি বিষয় শুরু থেকেই প্রতীয়মান যে, কর্মকর্তা-কর্মচারীকে নিয়মতান্ত্রিক এই কর্মসূচির ব্যাপকতা ও যৌক্তিকতার বিষয়ে এনবিআরের চেয়ারম্যান সরকারের নীতিনির্ধারকদের সঠিক তথ্য প্রদান না করে বরং প্রকৃত তথ্য আড়াল করেছেন, যা পরিস্থিতিকে এ অবস্থানে নিয়ে এসেছে। এ অবস্থায় অধ্যাদেশ বাতিলসহ এনবিআর চেয়ারম্যানকে অপসারণের দাবি জানাচ্ছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ।

গতকালকের সংবাদ সম্মেলনে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দাবিগুলো হলো এনবিআর চেয়ারম্যানের সঙ্গে লাগাতার অসহযোগ কর্মসূচি পালন করা হবে। বৃহস্পতিবার দুপুরে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের দাবির বিষয়ে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এদিন এনবিআরের অধীন সব দপ্তরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা এর আওতামুক্ত থাকবে। আগামী শনি ও রবিবার কাস্টম হাউজ এবং এলসি স্টেশন ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে। এই দুদিন কাস্টম হাউজ এবং এলসি স্টেশনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কর্মবিরতি চলবে। তবে রপ্তানি ও আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতামুক্ত থাকবে। সোমবার আন্তর্জাতিক যাত্রীসেবা ছাড়া আয়কর, কাস্টমস ও ভ্যাট বিভাগের সব দপ্তরে পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে।

এনবিআর সূত্রে জানা গেছে, গতকাল সকাল থেকে রাজধানীর বিভিন্ন কর অঞ্চল থেকে শুরু করে ভ্যাট অফিস ও কাস্টম হাউজের কমিশনার থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীরা জাতীয় রাজস্ব ভবনে জড়ো হতে থাকেন। পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করেন। দুপুরের আগে প্রায় সহস্রাধিক কর্মকর্তা-কর্মচারী রাজস্ব বোর্ডে চলে আসেন। সংবাদ সম্মেলনের আগে আগারগাঁওয়ের রাজস্ব ভবন কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি ছিল অন্যান্য দিনের তুলনায় কয়েকগুণ বেশি। এদিন এনবিআরের কাস্টম-ভ্যাট ও আয়কর বিভাগের সদস্য থেকে শুরু করে সর্বস্তরের কর্মকর্তারা আন্দোলনে যোগ দেন। আন্দোলন শেষে গতকাল বিকেলে জাতীয় রাজস্ব বোর্ডের সদস্যদের সঙ্গে জুম মিটিং করেন এনবিআর চেয়ারম্যান। এ সময় তারা এনবিআর চেয়ারম্যানকে লাগাতার অসহযোগিতা করার কর্মসূচির বিষয়টিও জানিয়ে দেন বলে নিশ্চিত করেছে এনবিআরের একাধিক সূত্র।