ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচার দাবিতে সাত ঘণ্টার বেশি সময় ধরে রাজধানীর শাহবাগ মোড় থেকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করছেন সংগঠনটির নেতাকর্মীরা। অবস্থান কর্মসূচি থেকে সাম্য হত্যায় জড়িতদের বিচার ও নিরাপদ ক্যাম্পাসের দাবি জানানো হয়। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বৃষ্টি উপেক্ষা করে এই কর্মসূচি শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়। তাদের অবস্থান কারণে এ সময় শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এদিন সকাল সাড়ে ৯টা থেকে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলামের নেতৃত্বে ছাত্রদলের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে জড়ো হতে থাকেন। পরে তারা ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান গ্রহণ করেন। অবস্থান কর্মসূচিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল কলেজ, তেজগাঁও কলেজ, ঢাকা কলেজ এবং ঢাকা মহানগর পূর্বসহ ছাত্রদলের বিভিন্ন শাখার নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়। এ সময় ছাত্রদলের নেতাকর্মীরা ‘কী করো ইন্টেরিম, হয়ে গেল ৯ দিন’, ‘বাঁচতে হলে লড়তে হবে, সেই লড়াইয়ে জিততে হবে’, ‘৯ মাসে দুই খুন, ভিসি তোমার অনেক গুণ’, ‘বিচার চাই, বিচার চাই, সাম্য হত্যার বিচার’, ‘উই ওয়ান্ট উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘আমার ভাই কবরে, খুনি কেন বাইরে’, ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই’ প্রভৃতি সেøাগান দেন।
ছাত্রদলের নেতাকর্মীদের অবস্থানের কারণে শাহবাগ মোড়সংলগ্ন সড়কগুলোয় তীব্র যানজটের সৃষ্টি হয়। যানবাহনগুলো বিকল্প রাস্তা ব্যবহার করে গন্তব্যে পৌঁছাতে দেখা যায়। তা ছাড়া, আশপাশের রাস্তাগুলোয় ব্যাপক যানজট লক্ষ করা যায়।
শাহবাগ মোড়ে অবস্থানরত ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, তারা এখনো শাহরিয়ার আলম সাম্য হত্যার বিচারে কোনো আশ্বাস বা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাননি। প্রশাসন লুকোচুরি করছে, দোষীদের বিচারে সময়ক্ষেপণ করছে।
ছাত্রদল সভাপতি রাকিবুল ইসলাম বলেন, ‘আমরা এখনো সাম্য হত্যার বিচারের কোনো আশ্বাস কিংবা দৃশ্যমান অগ্রগতি দেখতে পাইনি। প্রশাসন আমাদের সঙ্গে লুকোচুরি খেলছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তিনজনকে আটকের কথা জানিয়েছে। কিন্তু তাদের পরিচয় সম্পর্কে জানাতে পারেনি। বিশ্ববিদ্যালয় প্রশাসন এখনো সন্দিহান। আসামিদের সম্পর্কে তারা নিশ্চিত করে কিছু জানাতে পারেনি।’